গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব স্থগিত না করলে আগামী মাসে সিলেটে হরতালসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সিলেটের ‘গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে নগরের সিটি পয়েন্টে মানববন্ধন করে এ কথা জানানো হয়।
মানববন্ধন চলাকালে সংগঠনের নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। ভর্তুকির অজুহাত দেখিয়ে বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। এখন গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের আয়ের কথা চিন্তা না করে এ রকম সিদ্ধান্ত নেওয়া সরকারের জনস্বার্থবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ বলে তাঁরা অভিযোগ করেন। তাঁরা এ প্রস্তাব চলতি মাসের মধ্যে বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামী মাস থেকে হরতালসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তাঁরা।
মানববন্ধন চলাকালে সমাবেশে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আতাউর রহমান পীর, সদস্যসচিব মকসুদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক চৌধুরী, প্রবীণ আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বক্তব্য দেন।