গ্রামজুড়ে পাঁপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির উঠানে মাটির চুলায় পাঁপড় তৈরি করছেন শম্পা খাতুন।
বাড়ির উঠানে মাটির চুলায় পাঁপড় তৈরি করছেন শম্পা খাতুন।

গ্রামটিকে পাঁপড়ের গ্রাম বললে ভুল হবে না। সারা বছর গ্রামটিতে পাঁপড় তৈরি হয়। ওই গ্রামের শতাধিক পরিবার পাঁপড়-বাণিজ্যের সঙ্গে যুক্ত।

গ্রামটির নাম চাঁদমুহা। বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নে চাঁদমুহা গ্রামের অবস্থান। শহর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির আঁকাবাঁকা পাকা পথ। এই পথ ধরে চললে চোখে পড়ে কাপড়ের ওপর রোদে শুকানো হচ্ছে হাতে তৈরি পাঁপড়।

বাড়ির উঠানে পাঁপড় শুকাতে দিচ্ছেন গৃহবধূ রাশেদা বেগম।
বাড়ির উঠানে পাঁপড় শুকাতে দিচ্ছেন গৃহবধূ রাশেদা বেগম।

গ্রামটির আশপাশে রয়েছে বেশ কয়েকটি শিল্পকারখানা। গ্রামজুড়ে প্রায় ছয় হাজার লোকের বাস। সেখানে শতাধিক পরিবার বছরজুড়ে আলুর চিপস, পাঁপড় ও বাহারি রঙের চিপস তৈরি করে গ্রাম থেকে শহরের উৎসব-পার্বণে বিক্রি করে জীবিকা চালায়। পাঁপড় তৈরি ও শুকানোর কাজে নারীরাই মূলত যুক্ত। বছরের বৈশাখী ও চৈত্রসংক্রান্তির মেলা উপলক্ষে বেড়ে যায় পাঁপড়ের চাহিদা। এ ছাড়া বছরজুড়েই পাঁপরের চাহিদা থাকে।

নিজের তৈরি পাঁপড় দেখাচ্ছেন গৃহবধূ রাশেদা বেগম।
নিজের তৈরি পাঁপড় দেখাচ্ছেন গৃহবধূ রাশেদা বেগম।

চাঁদমুহা গ্রামের পাঁপড় কারিগর রাশেদা বেগম জানালেন, চালের আটা ও ময়দা দিয়ে পাতলা রুটির মতো পাঁপড় তৈরি করা হয়। রোদে শুকানোর পর তেলে ভাজা গরম পাঁপড় খুবই সুস্বাদু। রোদে শুকানো পাঁপড় লোকজন বাড়িতে দিনের পর দিন রেখে দেন। অতিথি আপ্যায়ন বা বিকেলের নাশতার সঙ্গে তা ভেজে পরিবেশন করা হয়।

রোদে পাঁপড় শুকাতে দিচ্ছেন কয়েকজন নারী।
রোদে পাঁপড় শুকাতে দিচ্ছেন কয়েকজন নারী।

গ্রামটিতে গিয়ে দেখা যায়, কয়েকজন নারী মাটির চুলায় পাঁপড় তৈরি করছেন। একটি বড় গামলার মধ্যে ময়দার সঙ্গে পরিমাণমতো লবণ, কালিজিরা, খাওয়ার সোডা, বেসন ও রং মেশানো হয়েছে। এতে পানি মিশিয়ে খামির তৈরি করা হয়েছে। খেয়াল রাখা হচ্ছে, খামির যেন বেশি পাতলা হয়ে না যায়। চুলায় এক হাঁড়ি পানি গরম করা হচ্ছে। পানিভর্তি ভাপ ওঠা হাঁড়ির ওপর একটি স্টিলের প্লেট বসিয়ে তাতে গোল চামচ দিয়ে ময়দার মিশ্রণ প্লেটে ঢেলে দেওয়া হচ্ছে। এরপর প্লেটটি ঘুরিয়ে মিশ্রণটুকু পাঁপড়ের আকারে গোল করে একটি গামলায় রাখা হচ্ছে। এভাবে তৈরি পাঁপড় রোদে শুকিয়ে বিক্রি করা হয়। ১০০ শুকনো পাঁপড় ১০০ টাকা পাইকারি দরে বিক্রি হয়। ছবিগুলো আজ মঙ্গলবার চাঁদমুহা গ্রাম থেকে তোলা হয়েছে।

মা মারিয়া বেগম পাঁপড় তৈরি করেন। পাঁপড় শুকাতে মায়ের সঙ্গে যোগ দিয়েছে শিশু ববি।
মা মারিয়া বেগম পাঁপড় তৈরি করেন। পাঁপড় শুকাতে মায়ের সঙ্গে যোগ দিয়েছে শিশু ববি।