গ্রামটিকে আপন করে নিয়েছে ‘কৃষকের বন্ধু’
গ্রামের মাঠগুলোতে শীত মৌসুমে সাদা বক কয়েক বছর ধরে ভিড় করছে। এলাকাটি আপন করে নিয়েছে বকগুলো।
নিজ জমিতে কলের লাঙল ঘোরাচ্ছেন কৃষক শরিফুল ইসলাম। লাঙলের পেছন পেছন খাবার খুঁজে নিচ্ছে সাদা বকের দল। কিমিরমিচির শব্দে গোটা খেত ঘিরে ফেলেছে দেশীয় প্রজাতির এই বক। কৃষক আর বক একাকার হয়ে গোটা খেত করে তুলেছে দৃষ্টিনন্দন।
এ দৃশ্য ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর গ্রামের মাঠের। কৃষকেরা জানিয়েছেন, পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মাঠগুলোতে এ মৌসুমে সাদা বক কয়েক বছর ধরে এভাবে ভিড় করে। এলাকাটি আপন করে নিয়েছে বকগুলো। এমন দৃশ্যে খুশি কৃষকেরা। দেশীয় প্রজাতির এ পাখিকে বন্ধু হিসেবে দেখছেন তাঁরা। তাঁদের উপস্থিতিতে বক পালায় না। তবে বাইরের এলাকার কেউ এলেই বকগুলো অন্যত্র চলে যায়।
বকগুলো দেখিয়ে স্মৃতি আওড়ালেন কৃষক গোলাম রসুল। তিনি বললেন, ‘বর্তমানে আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে কৃষির বন্ধু বক পাখি। পরিবেশবান্ধব এ পাখি এখন তেমন একটা দেখা যায় না। কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও কারেন্ট জালের ব্যবহারের ফলে মারা পড়ছে কৃষিবান্ধব পাখিগুলো। জলবায়ু পরিবর্তন ও পাখির আবাসস্থল বড় বড় গাছ ও বনজঙ্গলের নির্বিচার ধ্বংস পাখিগুলোর হারিয়ে যাওয়ার অন্যতম কারণ।’ তিনি আরও বলেন, একসময় বিল ও জলাশয়ের ধারে দল বেঁধে নামত দেশি সাদা বক। কৃষকের লাঙল দিয়ে জমি চাষ ও ফসল কাটার সময় পাখির দল ঘিরে ধরত। পাখির দল ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পেট ভরাত। জীববৈচিত্র্যের আদরমাখা এই দেশি পাখি এখন হারিয়ে যেতে বসেছে। শুধু গ্রামগঞ্জে ফসলের জমিতে ও শহরের কিছু জলাশয়ে শীতের মৌসুমে দেখা মেলে স্বল্পসংখ্যক পাখির।
কৃষক শরিফুল ইসলাম বলেন, ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর, ডেফলবাড়ি, বানিয়াকান্দরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মাঠে চলতি মৌসুমে ইরি ধানের খেত চাষ করার সময় প্রচুর বকের দেখা মিলছে। লাঙলের ফালায় মাটি খোঁড়ার পর যে পোকামাকড় বের হচ্ছে, তা ধরে ধরে খাচ্ছে পাখিগুলো। ইঞ্জিনের লাঙলের ঘরঘর শব্দ আর তাঁদের কথাবার্তার মধ্যেও পাখিগুলো ভয় পাচ্ছে না। সেগুলো নিজেদের খাবার খেয়ে যাচ্ছে। অপূর্ব এগুলোর এই কোলাহল দেখে মুগ্ধ হচ্ছে পথচারীরাও।
নিজের জমিতে কাজ করছিলেন সাইফুল ইসলাম। তাঁর পাশেই ওড়াউড়ি করছিল কয়েকটি বক। তিনি বলেন, এই সাদা বক তাঁদের অনেক উপকার করে। চারা ধানের জমিতে মাজরা পোকা, ফড়িংসহ ক্ষতিকারক পোকা খেয়ে ফেলছে। এ ছাড়া খেতে পানি দেওয়ার পর এসব পোকা ভাসতে থাকে আর তা খেয়ে সাবাড় করে বকগুলো। এতে ফসলের উপকার হয়। কিন্তু এখন সৌন্দর্যের প্রতীক এই সাদা বক আগের মতো আর দেখা যায় না। শিকারিদের ফাঁদে পড়ে প্রায় বিলুপ্তির পথে। এই সাদা বক কয়েক বছর ধরে আবার আসছে। এই অবস্থাতেও অনেকে মাঠে বক মারতে আসেন।
পাখিকে কৃষকের বন্ধু বলে উল্লেখ করলেন জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ কমিটির ঝিনাইদহ জেলা সভাপতি মাসুদ আহম্মেদ। যাঁরা পাখি শিকার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। মাসুদ বলেন, এই বক পাখি দেখতে গিয়ে অনেক ভালো লেগেছে। সেগুলোর নিরাপত্তা দিতে পারলে আগামী দিনে আরও বেশি বেশি বকের দেখা মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।