গ্রামপর্যায়ে করোনার নমুনা পরীক্ষাসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
জরুরি ভিত্তিতে গ্রামপর্যায়ে করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থাসহ ৭ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা। আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিনের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
চৌধুরী জালাল উদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা শাখার প্রধান সংগঠক মঈনুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াত, সহসভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে গ্রামপর্যায়ে করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেনাবাহিনীর মেডিকেল কোরের সহায়তায় করোনার চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপন, গ্রামের প্রাপ্তবয়স্ক কৃষক-খেতমজুরসহ সবাইকে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা, হাসপাতালগুলোতে কোভিড রোগীর শয্যাসংখ্যা, হাই ফ্লো নাজাল ক্যানুলা, আইসিইউ শয্যাসহ চিকিৎসা পরিধি বাড়ানো ও পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ দেওয়া।
এ ছাড়া ওই স্মারকলিপিতে আরও কয়েকটি দাবির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা নিশ্চিত করা ও স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করা; শ্রমজীবী দরিদ্র ব্যক্তিদের এক মাসের খাদ্য ও নগদ পাঁচ হাজার টাকা দিয়ে বিধিনিষেধ দেওয়া; দৈনিক কমপক্ষে এক লাখ করোনার নমুনা পরীক্ষা; ‘কনট্রাক্ট ট্রেসিং’ ও আইসোলেশনের ব্যবস্থা করা; বিনা মূল্যে সব নাগরিকের করোনার চিকিৎসা করা ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া।