গ্রামবাসী ধরে পুলিশে দিল একজনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চার শিশুকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গতকাল স্থানীয় ফয়জাবাদ হাইস্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেন l ছবি: আনিস মাহমুদ
বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চার শিশুকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গতকাল স্থানীয় ফয়জাবাদ হাইস্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেন l ছবি: আনিস মাহমুদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যার ঘটনায় গতকাল শনিবার সকালে একজনকে আটক করা হয়েছে। সালেহ আহমেদ (২৬) নামের ওই ব্যক্তিকে গ্রামের মধ্যে ঘেরাও করে থানায় খবর দেওয়ার পর পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ নিয়ে এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার ও আটক করা হলো। তবে মামলার বাদী বলেছেন, এখনো অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে, একসঙ্গে গ্রামের চার শিশু নিহত হওয়ার পর ভয়ে-আতঙ্কে বিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে গ্রামের শিশুশিক্ষার্থীরা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ৩৫২ জন শিক্ষার্থীর মধ্যে গতকাল বিদ্যালয়ে গিয়েছিল মাত্র ৪১ জন। তাদের ভয় কাটাতে অভিভাবকেরা সঙ্গে করে বিদ্যালয়ে দিয়ে আসছেন, নিয়ে আসছেন। গ্রামীণ পরিবেশে এমনটা সচরাচর দেখা যায় না।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে সালেহ আহমেদকে এলাকাবাসী সুন্দ্রাটিকি গ্রামে দেখতে পান। তাঁর বিরুদ্ধেও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আছে। সকাল আটটার দিকে সালেহ গ্রামের প্রধান সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁকে দেখে গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। বিষয়টি আঁচ করতে পেরে তিনি দৌড়ে এক বাড়িতে আশ্রয় নেন। এ সময় উত্তেজিত লোকজন ওই বাড়িটি ঘিরে রাখেন এবং বাহুবল থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে নিয়ে আসে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় তাঁকে। ডিবি বর্তমানে তদন্ত করছে এ মামলাটি।
সালেহ আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সালেহ এর আগে গ্রেপ্তার বশিরের ভাই।
সুন্দ্রাটিকি গ্রামের পাশের একটি ছড়া থেকে গত বুধবার চার শিশুর বালুচাপা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। শুভ, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। ইসমাইল তাদের প্রতিবেশী।
গত বুধবার রাতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুদ্রাটিকি গ্রামের আবদুল আলী (৬০) ও তাঁর দুই ছেলে জুয়েল (২০) ও রুবেল (১৮) এবং একই গ্রামের আরজু (৪০) ও বশির (২৪) নামে পাঁচজনকে গ্রাম থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রুবেল গত শুক্রবার রাতে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মুখ্য ভূমিকায় ছিলেন গ্রামের অটোরিকশাচালক বাচ্চু মিয়া। নিহত শিশুদের পরিবারের প্রতি বাচ্চু ও আরজুর ব্যক্তিগত ক্ষোভ ও গ্রামের পঞ্চায়েত নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন ছয়জন। সহযোগিতা করেন আরও কয়েকজন।
এ ছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুল আলী ও জুয়েল গত বৃহস্পতিবার থেকে ১০ দিনের পুলিশ রিমান্ডে আছেন। আরজু ও বশিরের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসদুর রহমান বলেন, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য ও রুবেলের জবানবন্দির তথ্যে অনেক মিল খুঁজে পাওয়া গেছে। তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে।
মামলার বাদী আবদাল মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, এখনো অনেক অভিযুক্তকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। তাঁদের মধ্যে অন্যতম আবদুল আলীর ছেলে বিল্লাল মিয়া (৩৫), ফেরদৌস (২৬), তাঁর ভাতিজা সায়েদ আলী (২৫) এবং রুবেলের জবানবন্দি অনুযায়ী অভিযুক্ত অটোরিকশাচালক বাচ্চু, তাঁর ভাই উস্তার মিয়া ও বাবুল। তাঁদের গ্রেপ্তার করা হলে এ হত্যাকাণ্ডের সব রহস্য জানা যাবে।
বিদ্যালয়ে যাচ্ছে না শিশুরা: একসঙ্গে চার শিশু হত্যার এখনো ভয়-আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি গ্রামের শিশুরা। নিহত চার শিশুর তিনজনই ছিল ছিল সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। সরেজমিন জানা যায়, সেখানে মোট শিক্ষার্থী ৩৫২ জন। গতকাল মাত্র ৪১ জন শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়েছিল।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দেখা গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শুলভকে তাঁর মা শেফালী বেগম হাতে ধরে স্কুলে নিয়ে এসেছেন। তাকে ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পরও মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। জিজ্ঞাসা করতেই তিনি বলেন, এক সপ্তাহ ধরে ভয়ে তার সন্তান স্কুলে আসতে চায় না। যে কারণে তিনি নিজেই বুঝিয়ে-শুনিয়ে নিয়ে এসেছেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে জান্নাত শেফা বলেন, তাঁরা ভাবছেন দু-এক দিনের মধ্যে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আসার জন্য তাদের উদ্বুদ্ধ করবেন। পাশাপাশি তাদের অভিভাবকদের সঙ্গেও কথা বলবেন।
গতকাল বেলা একটার দিকে সুন্দ্রাটিকি গ্রামে নিহত শিশুদের পরিবারকে সমবেদনা জানাতে যান হবিগঞ্জ ও সিলেট আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সেখানে তিনি জানতে পারেন গ্রামের শিশুশিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে যাচ্ছে না। বিষয়টি জানার পর তিনি নিহত চার শিশুর মা ও ভাই-বোনদের নিয়ে বিদ্যালয়ে যান। এরপর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভয় দেওয়ার চেষ্টা করেন।
প্রতিবাদ-বিক্ষোভ: হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বাহুবল উপজেলা সদরে ও মিরপুর বাজারে সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন ও পথসভা করা হয়। এ ছাড়া স্থানীয় ফয়জাবাদ হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে মানববন্ধন করে। মিরপুর বাজারে মানববন্ধন করে সানশাইন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। বাহুবল অনার্স কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে কলেজের সামনে।