গ্রামবাসীর তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুকুরে নামে শকুনটি
এক গাছ থেকে অন্য গাছের ডালে উড়ছিল একটি শকুন। কৌতূহলী লোকজন ছুড়তে থাকে ঢিল। একপর্যায়ে পাখিটি আহত হয়ে প্রাণ বাঁচাতে নেমে পড়ে একটি পুকুরে। পরে সেখান থেকে পাখিটিকে আটক করেন স্থানীয় ব্যক্তিরা।
পরে এটি শকুন বলে নিশ্চিত হয়ে খবর দেওয়া হয় বন বিভাগের কর্মকর্তাদের। এরই মধ্যে শকুন ধরার খবরটি ছড়িয়ে পড়লে সেখানে মানুষ ভিড় করতে থাকে।
বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল-চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বন বিভাগের কর্মকর্তারা শকুনটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ চিকিৎসকের কাছে চিকিৎসা দিয়ে কার্যালয়ে নিয়ে যান।
বন বিভাগের পঞ্চগড় সদর বিট কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, জগদল-চারমাইল এলাকার লোকজন শকুনটিকে গাছের ডালে উড়তে দেখে ঢিল ছুড়লে সেটি আহত হয়। খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করে নিয়ে এসেছেন। চিকিৎসক জানিয়েছেন, শকুনটি মোটামুটি সুস্থ রয়েছে। এখন খাঁচায় রেখে শকুনটিকে খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে। বাংলাদেশে এ ধরনের শকুন বিলুপ্তপ্রায়। ভারতের পাহাড়ঘেঁষা এলাকায় অতিরিক্ত ঠান্ডার কারণে শকুনটি উড়তে উড়তে বাংলাদেশে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় বলেন, শকুনটিকে দেখে প্রাপ্তবয়স্ক মনে হচ্ছে। এ ধরনের এককেটি শকুন প্রায় ১০০ বছর বেঁচে থাকে। শকুনটিকে দেখে মনে হচ্ছে, এর বয়স ৫০ বছরের বেশি হবে। শকুনটির আনুমানিক ওজন ১১ থেকে ১২ কেজি হবে। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তাদের কথা বলে শকুনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।