গ্রামবাসীর তাড়া খেয়ে মারা গেল সাম্বার হরিণটি
ফসলের খেতে ছোটাছুটি করছিল দেখতে গরুর মতো একটি অপরিচিত প্রাণী। গ্রামের কয়েকজনের নজরে এলে তাঁরা প্রাণীটিকে ধরতে পিছু নেন। ধাওয়া করার একপর্যায়ে জড়ো হন ৫০ থেকে ৬০ জন। তাড়া খেয়ে প্রাণীটি একটি বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয় লোকজন তখন প্রাণীটিকে ধরে গলা ও পা দড়ি দিয়ে বেঁধে ফেলেন। খবর পেয়ে পুলিশসহ সেখানে উপস্থিত হন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রাণীটিকে উদ্ধার করে স্থানীয় ধামোর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে নেওয়া হলে সেটি মারা যায়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া প্রাণীটি সাম্বার হরিণ বলে নিশ্চিত করেছেন আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা বেগম। তাড়া খেয়ে অতিরিক্ত দৌড়ানো ও ফুসফুসে আঘাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণীটি মারা গেছে বলে জানান তিনি।
ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল প্রথম আলোকে বলেন, হরিণটি সম্ভবত গতকাল সকালে রাজাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকেছিল। প্রশাসনের লোকজনের সহায়তায় হরিণটিকে উদ্ধার করে ইউপিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মারা যায়। পরে প্রাণিসম্পদ কর্মকর্তারা মৃত হরিণটির ময়নাতদন্ত করেন।
আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা বেগম বলেন, ময়নাতদন্তের সময় হরিণটির সামনের দিকে ডান পাসংলগ্ন পাঁজরে একটি ক্ষত পাওয়া গেছে। ওই ক্ষত দিয়ে ফুসফুসে প্রায় চার ইঞ্চি লম্বা একটি কঞ্চি ঢুকানো অবস্থায় পাওয়া গেছে। এতে ফুসফুসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত সেখান থেকেই প্রচুর রক্তক্ষরণে সাম্বার হরিণটি মারা গেছে। দৌড়ানোর সময় কোনো বাঁশের বেড়া পার হতে গিয়ে পাঁজর ভেদ করে কঞ্চিটি ভেতরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে। সাম্বার হরিণটি ভারত থেকে এসেছিল বলে মনে হচ্ছে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায় বলেন, সাম্বার হরিণটি লম্বায় ছয় ফুট এবং উচ্চতায় চার ফুট ছিল। মারা যাওয়া সাম্বার হরিণটি স্ত্রী প্রজাতির। হালকা ধূসর রঙের হরিণটি প্রায় আড়াই থেকে তিন মণ ওজনের হবে। ময়নাতদন্ত শেষে হরিণটির মৃতদেহ বন বিভাগের আটোয়ারী উপজেলা কার্যালয়ের পাশে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ধরনের বন্য প্রাণী দেখলে তাকে তাড়া না করতে বা আহত না করতে তিনি জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
আটোয়ারীর ইউএনও মুশফিকুল আলম প্রথম আলোকে তাড়া খেয়ে আহত হয়ে সাম্বার হরিণের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।