গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম: স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ আদালতের
নাটোরের লালপুর ও সিংড়া উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের ঘটনা স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (গ) ধারা অনুযায়ী বিষয়টি আলাদা আলাদা তদন্তের নির্দেশ দেন।
৯ আগস্ট একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘নাটোরে সড়ক নির্মাণে অনিয়ম’ শিরোনামে লালপুর ও সিংড়া উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তদন্তের আদেশ দেন।
এর আগে আদালতে এ–সংক্রান্তে দুটি মামলা নথিভুক্ত হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপারকে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। ১২ সেপ্টেম্বর প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বিচারক তাঁর আদেশে উল্লেখ করেন, টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে লালপুরের গোধড়া গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মাণাধীন ৭০ লাখ টাকার গ্রামীণ সড়ক নির্মাণকাজ এবং সিংড়ার চৌগ্রামের ১ কোটি ৫ লাখ টাকার সড়ক নির্মাণকাজ কার্যাদেশ অনুযায়ী না করে নিম্নমানের উপকরণ দিয়ে করার ঘটনা উঠে এসেছে। এতে সরকারি সড়ক দুটির দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। এ ছাড়া ঠিকাদার সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণা করেছেন। প্রতিবেদনে স্থানীয় লোকজনের ও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সাক্ষাৎকার প্রচারিত হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি। এ কারণে আদালত পিবিআইকে সরেজমিন তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশ দেন।
ক্ষতির পরিমাণ নির্ধারণসহ তদন্তকাজে নাটোরের স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সিংড়া ও লালপুর উপজেলা প্রকৌশলীকে সার্বিক সহযোগিতা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।
নাটোরের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম আদালতের স্বপ্রণোদিত হয়ে তদন্ত আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত জনস্বার্থে আদেশটি দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, তিনি মামলার বিষয়ে আজ শনিবার সকাল পর্যন্ত জানেন না। আদালতের আদেশ হাতে পেলে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতার আশ্বাস দেন।