‘গ্রামে কামকাইজ নাই, ঢাকা না গেলে খাব কী’
সারা দেশে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনেও মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ভিড় করছেন দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকামুখী যাত্রীরা। তাঁদের একজন রংমিস্ত্রি আবদুল রহমান (৫০)। তিনি এসেছেন বরিশালের গৌরনদী থেকে।
কঠোর বিধিনিষেধের মধ্যেও ঢাকায় যাওয়া প্রসঙ্গে আবদুল রহমান বলেন, ‘বিধিনিষেধের আগে ঢাকা থিকা গ্রামের বাড়ি আইছি। আগেপাছে জমানো যা টাকাপয়সা ছিল, সব ভাঙা শ্যাষ। হাতে আর পয়সা নাই। গ্রামে অন্য কোনো কামকাইজও নাই যে তা কইরা বাঁচুম। ঢাকায় কামে না গেলে মোরা খাব কী?’
শুধু রহমান একা নন। ঢাকামুখী বেশির ভাগ যাত্রীই এখন শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষের সিংহভাগ স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে এসে আটকা পড়েন। এখন জীবনের তাগিদে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাঁরা ঢাকা ফিরছেন।
বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে সাধারণ যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। বিধিনিষেধের দ্বিতীয় দিন থেকে যাত্রীদের পারাপার কম দেখা গেলেও ষষ্ঠ দিনে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। অন্য দিনের তুলনায় আজ সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেশি দেখা গেছে। এতে এ নৌপথে গত দুদিনের তুলনায় ফেরির সংখ্যাও বাড়ানো হয়। বর্তমানে এই নৌপথে ৪টি রো রো ও ৩ কে-টাইপের ফেরি চলাচল করছে। এই ফেরিগুলোয় যানবাহনের পাশাপাশি টিকিট কেটে সাধারণ যাত্রীদের ফেরিতে পারাপার করা হচ্ছে।
বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাতটি ফেরি চলছে। সকাল থেকে যাত্রীর বেশ চাপ থাকলেও বিকেলে কমে গেছে।’ কঠোর বিধিনিষেধের সময় সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফেরিতে যাত্রী বহন না করার দায়িত্ব আমাদের নয়। ঘাটের ইজাদার টিকিট কাটে। তারাই যাত্রী ওঠায়-নামায়। পুলিশ তাদের বাধা দিতে পারে। ইজারাদার আমাদের নিয়ন্ত্রণে নয়।’
এদিকে পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটে আসতে প্রতিটি ফেরির নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এতে ঘাটে এসে পারাপারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের।
আজ দুপুরে বাংলাবাজার ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে ছোট যানবাহনের বেশ চাপ। ঘাটের সংযোগ সড়কে পারাপারের অপেক্ষায় আছেন গাড়িগুলো। ঘাটের টার্মিনালেও শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ঘাটের চারটি পন্টুনে পদ্মা পারাপারের জন্য অপেক্ষা করছেন ঢাকামুখী যাত্রীরা। এই যাত্রীরা মোটরসাইকেল, ইজিবাইক, মাহিন্দ্র, সিএনজিতে করে ঘাটে আসছেন কোনো ধরনের বাধা ছাড়াই।
পিরোজপুর থেকে আসা ঢাকাগামী যাত্রী মজিবর খান বলেন, ‘ফার্মগেটের ফুটপাতে পান-সিগারেটের দোকান আমার। ঈদের দুদিন আগে ঢাকা থেকে বাড়ি আইছি। এভাবে আর কত দিন বাড়িতে শুইয়া বইসা থাকব। ঢাকায় যাই, দেখি কোনো কিছু করতে পারি কি না।’
খুলনা থেকে আসা ঢাকাগামী আরেক যাত্রী মকবুল হোসেন বলেন, ‘ছয়টি গাড়ি পরিবর্তন করে ভেঙে ভেঙে ঘাট পর্যন্ত আসছি। ঘাটে এসে কোনো সমস্যায় পড়তে হয় নাই। তবে ঘাট পর্যন্ত আসতে হাজার টাকার বেশি চলে গেছে। ঢাকায় জরুরি কাজে যাচ্ছি।’
জানতে চাইলে বাংলাবাজার ফেরিঘাটে দায়িত্বরত নৌপুলিশের পরিদর্শক আবদুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল থেকে যাত্রীর চাপ বেশি। গাড়ির চাপ তেমন নেই। যাত্রীরা বেশির ভাগই ঢাকামুখী। ঢাকা থেকে কম আসছে। বরিশাল অঞ্চলের লোক বেশি ঢাকা যাচ্ছে। মানুষকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। মানুষ ঠেকাতে হলে আগেভাগেই ঠেকাতে হবে। ফেরিঘাটে এসে মানুষ ঠেকানো যাবে না। কারণ, ঘাটে মোবাইল কোট নেই, পুলিশের জনবল কম। তাই ফেরিতে আসা মাত্রই লাফ–ঝাঁপ দিয়ে উঠে পড়েন যাত্রীরা।’