ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বগুড়ার গ্রামে গ্রামে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পেতে চলছে তাঁদের দৌড়ঝাঁপ। ধরনা দিচ্ছেন জেলা-উপজেলার শীর্ষস্থানীয় নেতাদের কাছে।
নির্বাচনী উত্তাপ এবং প্রার্থীদের এমন দৌড়ঝাঁপ শুরু হলেও দুই দলেই এখনো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়নি। মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় প্রার্থী বাছাই নিয়ে উভয় দলে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা করেছেন দল দুটির নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা।
জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়নের মধ্যে কাহালুর দুর্গাপুর ইউপির নির্বাচন এখনই হচ্ছে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এখন চলছে ভোটকেন্দ্র নির্ধারণ ও রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম গ্রামীণ জনপদ। গ্রামে গ্রামে গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন তাঁরা।
সম্প্রতি নন্দীগ্রাম উপজেলা সদরের বাসস্ট্যান্ডে কথা হয় নানা শ্রেণি-পেশার বেশ কয়েকজনের সঙ্গে। তাঁরা বলেন, শীত উপেক্ষা করে উপজেলার পাঁচ ইউনিয়নে দিন–রাত প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে এলাকা। অনেকে নিজের ছবিসংবলিত নতুন বছরের ক্যালেন্ডার ছাপিয়ে ভোটারদের মধ্যে বিলি করেছেন। কেউ কেউ বিনা দাওয়াতেই হাজির হচ্ছেন বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। মুঠোফোনে খুদে বার্তায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে প্রচারণা।
প্রার্থীরা কেউ দলীয় পরিচয়ে, কেউ বিগত নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার দাবি করে, কেউ মসজিদ-মন্দির, ক্লাব-সমিতির উন্নয়নে অর্থ সহায়তা দিয়ে, কেউ উন্নয়নের নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ভোটাররাও সম্ভাব্য এই প্রার্থীদের এসব তৎপরতা পর্যবেক্ষণ করছেন। তাঁদের প্রত্যাশা, মনোনয়নপ্রত্যাশীদের চাপ যতই থাকুক না কেন, বড় দুটি দল সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিদের প্রতি সমর্থন দেবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, কেন্দ্রের নির্দেশনা পেলেই বাছাই শুরু এবং মাঠ জরিপের মাধ্যমে একক প্রার্থী নিশ্চিত করা হবে।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামও প্রার্থী বাছাই শুরু করতে কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে জানান।
কয়েকটি ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী: বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে নন্দীগ্রাম সদর ইউনিয়নে আওয়ামী লীগের মোখলেছার রহমান, সোহেল রানা ও গোলাম মোস্তফা; বিএনপির আবদুল বারী ও রেজাউল করিম প্রচার চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন মিনহাজুল ইসলাম।
বুড়ইল ইউনিয়নে আওয়ামী লীগের আশরাফ আলী ও বিএনপির গোলাম রব্বানী এবং স্বতন্ত্র হিসেবে আবদুল মালেক, নূর মোহাম্মদ, আজাহার আলী ও রুহুল আমিন প্রচার চালাচ্ছেন। ভাটরা ইউনিয়নে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের মোরশেদুল বারী ও আজিজার রহমান, বিএনপির তৌফিকুল ইসলাম ও শাহ আল হেলাল, জাসদের তীর্থ সলিল এবং স্বতন্ত্র এস এম গোলাম সারোয়ার।
ভাটগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের জুলফিকার আলী ও রেজাউদ্দৌলা ববি, বিএনপির শামছুর রহমান, ইফতেখারুল ইসলাম ও আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র আবদুস ছাত্তার, গোলাম মোস্তফা ও আনোয়ারুল ইসলাম। থালতা মাজগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের আফসার আলী, বিএনপির ইলিয়াছ আলী এবং স্বতন্ত্র সাইফুল ইসলাম, ফেরদৌস আলী ও আবদুল মতিন।
সোনাতলা উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের মাহবুবুল আলম ও নবীন আনোয়ার এবং বিএনপির বেলাল হোসেন; জোড়গাছা ইউনিয়নে আওয়ামী লীগের আজহারুল ইসলাম, রুস্তম আলী ও শাহাদতুজ্জামান রুবেল, বিএনপির গোলাম রব্বানী, শহীদুল হক ও রফিকুল ইসলাম।
তেকানী চুকাইনগর ইউনিয়নে আওয়ামী লীগের শামসুল হক ও জাহিদুল ইসলাম এবং বিএনপির আশরাফ উদ্দিন ও আইয়ুব হোসেন; বালুয়া ইউনিয়নে আওয়ামী লীগের আজিজ মণ্ডল, রুহুল আমিন, রাজু আহমেদ ও ফজলুল হক এবং বিএনপির নাসির উদ্দিন ও শফিকুল ইসলাম।
মধুপুর ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, অসীম কুমার জৈন এবং বিএনপির মোমিনুল ইসলাম, ইমারত হোসেন ও আইয়ুব হোসেন। পাকুল্যা ইউনিয়নে আওয়ামী লীগের জুলফিকার রহমান, মানিক সরকার, সাদাকাতুল বারী ও আতোয়ার রহমান এবং বিএনপির এ কে এম লতিফুল বারী, হুনমায়ূন কবির ও জিএম আলী হাসান।
দিগদাইর ইউনিয়নে আওয়ামী লীগের মেজবাউল হক, তৈয়ব শামিম, রেজাউল করিম ও তহিদুল ইসলাম এবং বিএনপির মোকসেদ আলী, আবদুল মালেক, জামিলুর রহমান তরফদার ও রবিউল ইসলাম।