গ্রামে ঢুকে প্রাণ গেল মেছো বাঘের

কুষ্টিয়ার মিরপুরে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা করেছে গ্রামবাসী। এরপর বাঘটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। আজ সোমবার সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নরে আবুরী গ্রামে এ ঘটনা ঘটে।
মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, সকাল নয়টার দিকে হঠাৎ করে মেছো বাঘটি গ্রামের ভেতর ঢোকে। এ সময় মোমেনা খাতুন নামের এক নারী বাড়ির পাশ দিয়ে বাঘটিকে যেতে দেখে চিৎকার শুরু করেন। এতে লোকজন জড়ো হলে বাঘটি পাশের পানির পাইপের মধ্যে ঢুকে যায়। গ্রামের লোক বস্তা নিয়ে কৌশলে বাঘটিকে আটক করে। বাঘটি ছটফট শুরু করে হিংস্র হয়ে ওঠে। পরে লোকজন ভয় পেয়ে বাঘটিকে পিটিয়ে হত্যা করে।
চেয়ারম্যান আরও বলেন, বাঘটি এই প্রথম দেখা গেল। এটি চার ফুট লম্বা।
মালিহাদ পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলামিন হোসেন জানান, গ্রামবাসী আতঙ্কিত হয়ে মেছোবাঘটিকে পিটিয়ে হত্যা করেছে। এটিকে মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আসলাম মজুমদার সন্ধ্যায় বলেন, প্রায় এক ঘণ্টা আগে ঘটনাটি শুনেছি। যেহেতু মেরে ফেলা হয়েছে। এখন কিছুই করার নেই।