গ্রামের বাড়ি ফেরা হলো না পাপনের
চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার কমলার দিঘি এলাকার ইউনুস সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পাপন বড়ুয়া (৪২)। তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সংঘবোধি বড়ুয়ার ছেলে। পাপন বড়ুয়া চট্টগ্রামে একটি শিল্পপ্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় অটোরিকশাচালক ও তিন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মুহাম্মদ লেদু হাসান (৫০), অটোরিকশার যাত্রী মুহাম্মদ জয়নাল (৪০), লেগুনার যাত্রী জাহারা খাতুন (৬৫)। তবে গুরুতর আহত আরেক যাত্রীর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, পাপন বড়ুয়া অটোরিকশায় করে চট্টগ্রাম নগরী থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কাপ্তাই সড়ক অটোরিকশা চালককল্যাণ সমিতির সদস্য মুহাম্মদ রফিক বলেন, লেগুনাটি চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি নোয়াপাড়া পথেরহাটের দিকে যাচ্ছিল। কমলার দিঘি এলাকার ইউনুস সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অটোরিকশা ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পাপন বড়ুয়ার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।