গ্রামের বাড়িতে এসে হামলার শিকার শহীদ মনসুর আলীর নাতি শেহেরিন
উপজেলায় গ্রামের বাড়িতে বেড়াতে এসে শহীদ এম মনসুর আলীর নাতি শেহেরিন সেলিম হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার গান্ধাইল কুড়িপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
হামলায় শেহেরিন সেলিমের ব্যক্তিগত ফটোগ্রাফার মো. ওয়ালিউল (৩৮) ও শেহেরিনের অনুসারী ও গাড়িচালক মোনারুল ইসলাম (৩০) আহত হয়েছেন। মোনারুলের বাড়ি কাজীপুরের সীমান্ত বাজার এলাকায় ও ওয়ালিউলের বাড়ি ঢাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শহীদ এম মনসুর আলীর ছোট ছেলে রেজাউল করিম ও সাবেক সাংসদ মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম কাজীপুরের সীমান্ত বাজার এলাকায় গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে আগে থেকেই অবস্থান করে থাকা কাজীপুর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শেহেরিন সেলিম বলেন, জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নাতি, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মোহাম্মদ সেলিমের ছেলে পৈতৃক ভিটায় এসে হামলার শিকার হলে তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? তিনি আরও বলেন, ‘বাড়িতে এসে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কথাবার্তা বলছিলাম। এমন সময় কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আমার ব্যক্তিগত ফটোগ্রাফার ও গাড়িচালককে মারপিট করেছে তারা। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ বলেন, ‘হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা ভেতরে যাইনি, বাইরে ছিলাম। ব্যারিস্টার রিপন পুলিশ সদস্য নিয়ে এসেছিলেন।’
এ ঘটনার জন্য সাংসদ তানভীর শাকিলকে দায়ী করে শহীদ এম মনসুর আলীর ছোট ছেলে মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেহেরিন দাদাবাড়িতে বেড়াতে এসেছেন। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আসেননি। তাহলে তাঁর ওপর এই হামলা কেন?
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ব্যারিস্টার শেহরিন সেলিম গাড়ি নিয়ে বের হয়ে চলে গেছেন। তবে একটু বিশৃঙ্খলা হয়েছিল বলে তাঁরা শুনেছেন।