বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, দেশে গ্রাহকের তুলনায় পর্যাপ্ত সেবা দেওয়ার সক্ষমতা কোনো মোবাইল অপারেটর কোম্পানির নেই। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শ্যাম সুন্দর সিকদার আরও বলেন, ২০০৬ সালে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ২ কোটি। কিন্তু বর্তমানে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৪ লাখে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৫ লাখ থেকে এখন ১২ কোটি ৪২ লাখে পৌঁছেছে। ফোরজির গ্রাহক ৭ কোটি ৫৩ লাখ ৮০ হাজার। সোশ্যাল মিডিয়ার, শুধু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২৮ লাখ। এত গ্রাহকের সঠিকভাবে সেবা নিশ্চিত করতে সব কোম্পানিকে ফাইবার কেব্ল ব্যবহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। সবখানে এই ফাইবার কেব্ল ব্যবহার করা গেলে গ্রাহকের সঠিক সেবা নিশ্চিত করা যাবে।
শ্যাম সুন্দর সিকদার বলেন, বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি শিশুর জন্ম হয় না, কিন্তু প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এ দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাচ্ছে। এটা ইন্টারনেট ব্যবহারের সুফল।
ইন্টারনেটের সেবা দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, দেশে দিন দিন ইন্টারনেট সেবা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। দেশে আগের চেয়ে ইন্টারনেটের সেবার মানও বৃদ্ধি পেয়েছে। শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বিশ্বের মধ্যে ফেসবুক ব্যবহারকারী হিসেবে ঢাকা শহর দ্বিতীয় অবস্থানে আছে। এটা হলো, আমাদের নেট দুনিয়ার অর্জন। এ ছাড়া এখন অনিয়ম আর চোর বাটপার ধরতে খুঁজতে হবে না, মোবাইল চুরি করলেই ধরা খাবে। আমরা সেইভাবে প্রযুক্তিকে শক্ত অবস্থানে নিচ্ছি। অচিরেই প্রযুক্তি মানুষের সর্বোত্তম বন্ধু হয়ে উঠবে।’
মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সিভিল সার্জন মুনির আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুদ্দীন, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল। এ ছাড়া মোবাইল অপারেটর প্রতিনিধি, টাওয়ার কোম্পানি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিটিসিএল প্রতিনিধিসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।