গ্রেপ্তার তিন রোহিঙ্গাকে পাঁচ দিন রিমান্ডে চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহিবুল্লাহ হত্যা মামলায় উখিয়ার লম্বাশিয়া শিবির থেকে গ্রেপ্তার মো. আনাছ, নুর মোহাম্মদ ও মো. রশিদ প্রকাশ মুরশিদ আমিন (বাঁয়ে) এবং আজিজুল হক (ডানে)
ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় সবশেষ গ্রেপ্তার চার রোহিঙ্গা সন্ত্রাসীর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে উখিয়া থানার পুলিশ। আগামীকাল মঙ্গলবার এ আবেদনের শুনানি হবে।

ওই তিন আসামি হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প-১–এর ডি-৮ ব্লকের মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের মোহাম্মদ আনাছ ও নুর মোহাম্মদ। সবাই মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার সদস্য।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গত শনিবার ভোরে এপিবিএন সদস্যরা ক্যাম্পে অভিযান চালিয়ে মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের এই তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেন। এর মধ্যে কিলিং স্কোয়াডের অন্যতম আজিজুল হক হত্যার দায় স্বীকার করে কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের অন্যতম আজিজুল হক হত্যার দায় স্বীকার করে কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উখিয়া থানা-পুলিশ জানায়, আজ সোমবার মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদকে আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত আবেদনের শুনানির জন্য কাল মঙ্গলবার সময় নির্ধারণ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ২০১৯ সালের ২৫ আগস্ট গণহত্যা দিবসের কর্মসূচিতে কয়েক লাখ রোহিঙ্গার মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন মুহিবুল্লাহ
ফাইল ছবি – প্রথম আলো

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ (৪৮)। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার (আল-ইয়াকিন নামেও পরিচিত সংগঠনটি) কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়। পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

মুহিবুল্লাহ হত্যা মামলায় পুলিশ এর আগে আরও পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। দুই দফায় ওই পাঁচ রোহিঙ্গাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উখিয়া থানা-পুলিশ। তাঁদের একজন মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে মুহিবুল্লাহ হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজন। সবাই কারাগারে অবস্থান করছেন।