গ্রেপ্তারের ১২ ঘণ্টা পর 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিতে জড়িত সন্দেহে সাতক্ষীরার তালা উপজেলার নোওয়াকাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামকে গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। চোখ বেঁধে নিয়ে যায়। এর প্রায় ১২ ঘণ্টা পর তিনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
পুলিশের দাবি, রফিকুল (৩৮) আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত দলের অন্য সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। রফিকুলকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গত ২১ জানুয়ারি রাতে উপজেলার কাসেমখোলা গ্রামের এক বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার বিকেল চারটার দিকে নোওয়াকাটি গ্রাম থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির কথা স্বীকার করেন। তাঁকে নিয়ে সাড়ে তিনটার দিকে উপজেলার উভয়তলা এলাকায় উভয়তলা ক্লাবের পেছনে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে রফিকুলের সহযোগীরা গুলি ছোড়া শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে রফিকুল পালানোর চেষ্টাকালে তাঁর সহযোগীদের ছোড়া গুলিতে আহত হন। এরপর দীর্ঘসময় ‘বন্দুকযুদ্ধ’ চলার পর ডাকাতেরা পালিয়ে যায়। পরে রফিকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে সদর হাসপাতালের চিকিৎসক আলমগীর কবির প্রথম আলোকে বলেন, রফিকুলকে মৃত অবস্থায় গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে হাসপাতালে আনা হয়। তাঁর বুকে গুলিবিদ্ধ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে উভয়তলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, তাঁরা দুই-তিনটি গুলির শব্দ শুনেছেন। ওখানে কোনো বন্দুকযুদ্ধ হয়নি। ৩০ থেকে ৩৫টি গুলির শব্দ শোনার প্রশ্নই আসে না।
রফিকুলের স্ত্রী নূরন্নাহার বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর স্বামী ঘরে শুয়ে ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে চোখ বেঁধে নিয়ে যায়। সকালে তিনি শুনতে পান, তাঁর স্বামী গুলিতে মারা গেছেন। তিনি আরও বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে আগে কয়েকটি ডাকাতির মামলা ছিল। বর্তমানে কোনো মামলা নেই।
ওসি তারিকুল ইসলাম জানান, রফিকুলের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় দুটি, কেশবপুর থানায় তিনটি, মনিরামপুর থানায় একটি, অভয়নগর থানায় একটি ও কলারোয়া থানায় একটিসহ ১০-১২টি ডাকাতির মামলা রয়েছে। গত রাতে ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে পুলিশ ২৫টি এবং ডাকাতেরা ১০-১২টি গুলি ছোড়ে। এ সময় কনস্টেবল আজিবর রহমান ও কবির হোসেন সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি চাপাতি, কয়েকটি গুলির খোসা ও বোমার আলামত উদ্ধার করা হয়েছে। সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে রফিকুলের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।