ঘটনা তদন্তে তিনজনের কমিটি
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পুলিশির হেফাজতে হিমাংশু রায় (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা এ তথ্য জানান। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামানকে তদন্ত কমিটির প্রধান করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ও কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর আলমকে সদস্য করা হয়েছে। লালমনিরহাটের এসপি বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার সকালে হাতীবান্ধা উপজেলার পূর্ব কাদমা মালদাপাড়া গ্রামের হিমাংশু রায়ের স্ত্রী সাবিত্রী রানীর (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, জিজ্ঞাসাবাদে হিমাংশু একেক সময় একেক রকম কথা বলছিলেন। তাঁকে থানার নারী-শিশু হেল্প ডেস্ক কক্ষে রেখে পুলিশ সদস্যরা খেতে যান। এ সময় সেখানে থাকা ওয়াই–ফাইয়ের তার গলায় পেঁচিয়ে জানালার গ্রিলে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমীন।