ঘটনা ধামাচাপা দিতে সিসিটিভি ফুটেজ আড়াল করা হয় ১৮ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছোটমণি নিবাসে ২ মাস ১১ দিনের শিশুকে হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে ১৮ দিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নামে আড়াল করে রাখা হয়েছিল। পুলিশ দুই দফা আবেদন করেও ফুটেজ সংগ্রহে নিতে পারেনি। শেষে নিজস্ব অপারেটর দিয়ে ফুটেজ সংগ্রহ করার পরই হত্যার ঘটনাটি উন্মোচিত হয়।

শিশু হত্যার দায় স্বীকার করে আদালতে আয়ার জবানবন্দিতে ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়কের নাম আসায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টিও সামনে এসেছে। এতে কারা কারা জড়িত—বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। রোববার থেকে পুলিশ ধামাচাপার চেষ্টার তদন্ত আলাদাভাবে শুরু করেছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেট নগরের বাগবাড়ি এলাকায় ছোটমণি নিবাস। গত ১২ জুন ভবঘুরে এক নারীর কাছ থেকে নবজাতক সন্তানটিকে উদ্ধার করে গোয়ানইনঘাট থানার পুলিশ ছোটমণি নিবাসে দেয়। শিশুটির নাম রাখা হয়েছিল নাবিল আহমদ। ২৩ জুলাই সকালে নিজ শয্যায় ২ মাস ১১ দিন বয়সী এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় উল্লেখ করে নিবাসের উপতত্ত্বাবধায়ক রূপন দেব সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেন।

এরপর লাশের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। ঘটনার ২০ দিনের মাথায় বৃহস্পতিবার রাতে নিবাসের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপমৃত্যুটি হত্যা বলে নিশ্চিত হয়।

পুলিশ জানায়, ওই রাতেই অভিযান চালিয়ে ছোটমণি নিবাসের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে আটক করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সুলতানা ফেরদৌসী শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি নিবাসের উপতত্ত্বাবধায়ক রূপন দেবের নির্দেশে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছেন। আদালতে আয়ার জবানবন্দির সঙ্গে পুলিশি তৎপরতা বিশ্লেষণে হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ২৩ জুলাই কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা করার পর তদন্তকারী নিযুক্ত করা হয়েছিল উপপরিদর্শক নূর মোহাম্মদকে। তিনি ২৮ জুলাই নিবাসে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চান। তখন তাঁকে লিখিত আবেদন করার কথা বলা হয়। তিনি লিখিত আবেদন করেন। কিন্তু ফুটেজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে আটকে রাখা হয়। নূর মোহাম্মদের কর্মস্থল পরিবর্তন হলে নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন উপপরিদর্শক মাহবুব মণ্ডল। তিনি ১০ আগস্ট সিসিটিভি ক্যামেরার ফুটেজের জন্য আবার লিখিত আবেদন করেন। এরপর অপারেটর নেই বলে দুই দিন কালক্ষেপণ করা হয়। ১২ আগস্ট রাতে নিজস্ব অপারেটর নিয়ে পুলিশ ফুটেজ সংগ্রহ করে হত্যার চিত্র দেখে।

সিসিটিভি ফুটেজের জন্য দুজন পুলিশ কর্মকর্তার পরপর দুবার ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক বরাবর লিখিত আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ। তিনি প্রথম আলোকে বলেন, অবস্থা এখন এমন যে হত্যার চেয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাটি বড় হয়ে সামনে এসেছে। তাই তদন্তও সেভাবে চলছে।

ওসি জানান, ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়কসহ তাঁর দপ্তরের কর্মকর্তারা ধামাচাপার চেষ্টায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সংখ্যায় তাঁরা একাধিকও হতে পারেন। এর মধ্যে একজন উপতত্ত্বাবধায়ক রূপন দেব। সবকিছু জেনে অপমৃত্যু মামলার বাদী হয়েছেন তিনি। আবার তাঁর কাছে সংরক্ষিত ছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ফুটেজ দিতে টালবাহানা ও হত্যাকে অপমৃত্যু বলে কর্তৃপক্ষের লিখিত তথ্য পুলিশের কাছে আছে।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, আয়ার দেওয়া জবানবন্দিতে ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক রূপন দেবের নাম আসায় তাঁকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। ২০১৮ সালে উপতত্ত্বাবধায়কের পদে যোগদান করা রূপন দেবের অধীন তিনজন আয়া ও একজন বার্তাবাহক আছেন। এর মধ্যে তিনজন আয়া আট ঘণ্টা পরপর কর্তব্যরত থাকেন।

রূপন দেবের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক নিবাস দাশ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দপ্তর থেকে ছোটমণি নিবাসে কর্মরত সবার প্রতি নজর রাখা হচ্ছে। উপতত্ত্বাবধায়ক কর্মরত আছেন। পুলিশের যেকোনো আইনি পদক্ষেপে অধিদপ্তর সহায়তা করবে।’

সিলেটে একটানা ১০ বছর সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করা আইনজীবী মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাটি আরও বড় এক অপরাধ। এই অপরাধীদের চিহ্নিত করে ওই মামলায় নতুন ধারা যুক্ত করে অথবা আলাদা আরেকটি মামলায় আসামি করার সুযোগ আছে। এতিমখানার মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুরক্ষায় এটি করা জরুরি।