নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন
ঘটনাস্থলে সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনতাই
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় গ্রেপ্তার স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেনের অনুসারীরা এ হামলা চালান বলে হামলার শিকার সাংবাদিকেরা জানিয়েছেন।
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এবার সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার সাংবাদিকেরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ (৪৭), চিত্রগ্রাহক মেহেদি হাসান ও চ্যানেল এসের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেমও হেনস্তার শিকার হয়েছেন। আজ সোমবার দুপুরে জয়কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় গ্রেপ্তার স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেনের অনুসারীরা এ হামলা চালান বলে হামলার শিকার সাংবাদিকেরা জানিয়েছেন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা সরে যান। তাই পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার করতে পারেনি।
তিন সাংবাদিক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ফেরার পথে তাঁর লোকজন মাইক্রোবাসের গতি রোধ করে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা এ সময় মাইক্রোবাসে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের একটি ক্যামেরা ও অন্য একটি ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে যান।
হামলার শিকার সাংবাদিক আকবর হোসেন অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে তিনিসহ তিন সাংবাদিক জয়কৃষ্ণপুর গ্রামে সাংবাদ সংগ্রহের কাজে যান। তাঁরা ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ফেরার পথে তাঁর লোকজন মাইক্রোবাসের গতি রোধ করে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা এ সময় মাইক্রোবাসে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদি হাসান ও চ্যানেল এসের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের একটি ক্যামেরা ও অন্য একটি ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম জানান, ঘটনার সময় তিনি জয়কৃষ্ণপুর গ্রামে ছিলেন। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁকেও নানাভাবে হেনস্তা করেন। হামলাকারীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, নারী নির্যাতনের ঘটনায় আলোচিত জয়কৃষ্ণপুর গ্রামে সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছেন। তবে পুলিশ গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ঘটনায় সাংবাদিক আকবর হোসেন থানায় লিখিত অভিযোগ দিচ্ছেন, যা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হবে।
প্রসঙ্গত, নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নির্যাতনের শিকার নারীর দায়ের করা মামলায় একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেনকে ৫ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। দুদিনের রিমান্ড শেষে ৮ অক্টোবর ওই মামলায় তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।