ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় তিন ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে আজ মঙ্গলবার সকালে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল
ছবি: প্রথম আলো

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এ সময় উভয় ঘাটে ফেরিগুলো নোঙর করে থাকতে বাধ্য হয়। এতে যানবাহন পারাপার বন্ধ হওয়ায় উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়েছে। পাটুরিয়া প্রান্তে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কে প্রায় দুই কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকে থাকা যাত্রী ও পরিবহনশ্রমিকদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে রাস্তা দিয়ে যানবাহন চলাচলে হিমশিম খেতে হয়। হেডলাইট জ্বালিয়েও ঠিকমতো দেখা যাচ্ছিল না। নদী অববাহিকায় কুয়াশার কারণে নৌযান চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। অতিমাত্রায় ঘন কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ আজ সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় একাধিক ফেরি ঝুঁকি নিয়ে দ্রুত ঘাটে পৌঁছায়। সকাল নয়টার দিকে কুয়াশার কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এ সময় উভয় ঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করা ফেরিগুলো গন্তব্যের দিকে রওনা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘনকুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় পারাপার বন্ধ হয়ে যায়। এর পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ ছোট বিভিন্ন যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারিতে আটকা পড়ে।

পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) যোবায়ের আহমেদ বলেন, ফেরি বন্ধ থাকায় আজ সকালে ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। সকাল ১০টার দিকে ঘাট এলাকায় যাত্রীবাহী শতাধিক বাস, পণ্যবাহী তিন শতাধিক বিভিন্ন গাড়ি ও শতাধিক ব্যক্তিগত গাড়ি নদী পারের অপেক্ষা রয়েছে। যাত্রীবাহী বাসগুলো তিন নম্বর ঘাট থেকে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএল মোড় পর্যন্ত সারিবদ্ধভাবে রয়েছে। এ ছাড়া পণ্যবাহী গাড়িগুলো ট্রাক টার্মিনাল ছাপিয়ে সংযোগ সড়কের আরসিএল মোড় পর্যন্ত সারিতে আটকা রয়েছে। ফেরি চলাচল শুরু হলে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলোকে ফেরিতে উঠতে ট্রাফিক পুলিশের সদস্যরা সহযোগিতা করছেন।

ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী এ কে ট্রাভেলস পরিবহনের একটি বাসের যাত্রী সোলায়মান কবির পারিবারিক কাজে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পাটুরিয়া ঘাট এলাকায় সকাল নয়টা থেকে আটকে আছেন। তিনি বলেন, শীতের মধ্যে কুয়াশা আর অন্য সময় ফেরিসংকট থাকে। শীত ও গ্রীষ্ম সব সময়ই এই পথে ভোগান্তি নিয়েই বাড়ি ফিরতে হয়।

চট্টগ্রাম থেকে লবণ নিয়ে যশোরে যাচ্ছেন ট্রাকচালক মোন্তাজ উদ্দিন (৫৫)। তিনি বলেন, দুই দিন ধরে ঘাটে আটকা থাকার পর গতকাল রাতে ফেরির টিকিট পেয়েছেন। আজ সকালে নদী পারাপার হতে পারবেন বলে তিনি ধারণা করেছিলেন। তবে কুয়াশায় ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ আরও বেড়ে যায়। যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলো আগে পারাপার করা হচ্ছে। আজ বিকেলেও নদী পার হতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে কুয়াশায় তিন ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানজট দেখা দিয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি বিবেচনা করে বাসগুলোকে আগে পারাপারের সুযোগ দেওয়া হচ্ছে। দুপুরের দিকে ঘাটের এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদী।