ঘন কুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা করেনি
এক দিনের ব্যবধানে নীলফামারীর সৈয়দপুরে আড়াই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজ শনিবার সৈয়দপুর আবহাওয়া অফিস এখানে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম হওয়ায় বেলা ১টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি।
বিকেলে পরিস্থিতির উন্নতি হলে বিমান উড্ডয়ন-অবতরণ করতে পারবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক সুপল্লব কুমার ঘোষ।
এদিকে শীত বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, গত এক সপ্তাহে সৈয়দপুরে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে।
আজ দুপুর ১২টার পর কুয়াশা কিছুটা কাটতে থাকে। এ সময় সূর্যের দেখা মিললেও উষ্ণতা ছড়াতে পারেনি। কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহন ফগলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলাচল করছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, শনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা আরও কমতে পারে। এ এলাকায় বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আগের দিন শুক্রবার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।