ঘর নির্মাণের কারিগর বাবুলের নিজের ঘর মেরামতেরই সামর্থ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় বাবুল মিয়ার একমাত্র ঘরটির অনেক ক্ষতি হয়েছে। ঘরটি মেরামতের টাকাও নেই তাঁর কাছে। সিলেটের ওসমানীনগর উপজেলার আউশপুর গ্রামে
ছবি: প্রথম আলো

মাটি, বাঁশ আর টিনের তৈরি ঘরে থাকেন বাবুল মিয়া (৪৪)। ঘর নির্মাণের কারিগর হওয়ায় নিজেই নিজের ঘর বানিয়েছেন। গত বছর তৈরি করা ঘরটি এবারের বন্যার পানিতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঝে দেবে গেছে। দুমড়েমুচড়ে গেছে বেড়া। এখন ঘর থেকে পানি নেমে গেলেও টাকার অভাবে বাবুল ঘরটি সংস্কার করতে পারছেন না।

বাবুল মিয়ার বাড়ি ঢাকা-সিলেট মহাসড়ক থেকে পাঁচ কিলোমিটার দূরে সিলেটের ওসমানীনগর উপজেলার আউশপুর গ্রামে। স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও চার সন্তানকে নিয়ে তাঁর সংসার। ১৭ জুন তাঁর বাড়িতে হাঁটুপানি দেখা দেয়। এরপর তিনি পরিবারসহ আশ্রয় নেন প্রতিবেশীর একটি পরিত্যক্ত ভবনের ছাদে। ঘর থেকে পানি নেমে গেলে গত সোমবার তাঁরা বাড়িতে ফেরেন।

ওই দিন বিকেলে দেখা গেছে, ভিটা থেকে পানি নেমে গেলেও বাবুল মিয়ার ঘরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরটি নড়বড়ে হয়ে আছে। বেড়া পানিতে নষ্ট হয়ে পড়েছে।

বাবুল মিয়া বলেন, অন্যের ঘর মেরামত ও সংস্কার করার কাজ করেন তিনি। একদিন কাজে গেলে তাঁর ৪০০–৫০০ টাকা আয় হয়। তবে সপ্তাহে প্রতিদিন তাঁর কাজ থাকে না। ফলে প্রতিদিন উপার্জনও হয় না। এখন বন্যার কারণে তিনি পুরোপুরি আয়হীন হয়ে পড়েছেন। তাই স্ত্রী-সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন।

আক্ষেপ করে বাবুল মিয়া বলেন, ‘আমি মাইনষের ঘর বানাই। এখন আমার ঘরই ঠিক করার সায়সামর্থ্য নাই। টানা ১০ দিন পানিবন্দী ছিলাম। কেউ কিছু সাহায্যও করছে না। জমানো টেকা সব খরচ অই গেছে। এখন ঘর ঠিক করার টেকা নাই।’