ঘর, ফসলি জমি বিলীন

বাবুগঞ্জের রহমতপুর এলাকায় আকস্মিক ভাঙনে তিনটি বসতঘর ও একটি মসজিদ বিলীন হয়ে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুগন্ধা নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। অনেকে ঝুঁকিপূর্ণ বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। গত রোববার বিকেলে বাবুগঞ্জের পশ্চিম ক্ষুদ্রকাঠী গ্রামে।
ছবি: প্রথম আলো

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার সুগন্ধা নদীতে আকস্মিক ভাঙনে তিনটি বসতঘর, একটি মসজিদ, ঈদগাহসহ বেশ কয়েকটি স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে আছে অর্ধশতাধিক বসতঘরসহ অন্য অনেক স্থাপনা। এ অবস্থায় অনেকেই ভাঙন–আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, গাছপালা কেটে ফেলছেন।

এদিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী এলাকা পদ্মার ভাঙনের কবলে পড়েছে। হুমকিতে রয়েছে এলাকার ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত রোববার সকাল সাতটার দিকে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের পশ্চিম ক্ষুদ্রকাঠী গ্রামের একটি এলাকা দেবে যায়। অল্প সময়ের মধ্যে ইদ্রিস আলী ব্যাপারী, বাবুল হাওলাদার ও ওমর আলীর বসতঘর, পশ্চিম ক্ষুদ্রকাঠী জামে মসজিদ এবং শত বছরের পুরোনো ঈদগাহ মাঠটি নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক বাড়িঘর।

হাজার হাজার পরিবার নিঃস্ব হয়েছে; ভাঙন থামছে না। যে অবস্থা, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেক মানুষ নিঃস্ব হবে।
সরোয়ার মাহমুদ, চেয়ারম্যান, রহমতপুর ইউপি, বাবুগঞ্জ

রোববার বিকেলে গিয়ে দেখা যায়, ভাঙনের হুমকিতে থাকা বাসিন্দারা বাড়িঘরের মালামালসহ ঘর সরিয়ে অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মানিক মৃধা, সেলিম হাওলাদার ও শাহ আলম হাওলাদারের সঙ্গে কথা বলে জানা যায়, নদী থেকে বালু উত্তোলন ও ইটভাটায় মাটি কেটে নেওয়া এবং পরিকল্পিত নদীশাসন না করায় নদীভাঙন থামছে না। ভাঙন রোধে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ইদ্রিস আলী বলেন, বাড়ি থেকে নদী কয়েক শ মিটার দূরে ছিল। কিছু টের পাওয়ার আগেই রোববার সকালে ভাঙন শুরু হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের কিছু মালামাল সরিয়ে নেওয়ার মধ্যেই তাঁদের বাড়ি বিলীন হয়ে যায়।

ছবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর গভীরতা বেশি। সেখানে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা সম্ভব নয়।
পার্থ প্রতীম সাহা, নির্বাহী প্রকৌশলী, ফরিদপুর পাউবো

এর আগে গত ২১ সেপ্টেম্বর মীরগঞ্জ এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে দেড় ঘণ্টার মধ্যে সাতটি বসতঘর, একটি মসজিদসহ বেশ কিছু স্থাপনা বিলীন হয়। গত ২৭ আগস্ট বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের একমাত্র পাকা সড়কটির একটি বড় অংশ আকস্মিক সুগন্ধা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ওই দিন বিকেলে সড়কের প্রায় ৫৪৫ মিটার নদীতে চলে যায়। সড়ক বিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে রোগী ও তাদের স্বজনেরা।

রহমতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, নদীভাঙন বাবুগঞ্জের মানুষের নিত্যনৈমিত্তিক ঘটনা। সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়াল খাঁ—এই তিন নদীবেষ্টিত উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন চলছে। হাজার হাজার পরিবার নিঃস্ব হয়েছে; কিন্তু ভাঙন থামছে না। যে অবস্থা, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেক মানুষ নিঃস্ব হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘গত ডিসেম্বর-জানুয়ারিতে ভাঙন রোধে বাবুগঞ্জ উপজেলায় ৪০ লাখ টাকার কাজ করা হয়েছিল। বর্তমানে উপজেলার মীরগঞ্জ, বরিশাল বিমানবন্দরের উত্তর অংশ ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের গ্রামের বাড়ির এলাকা ভাঙন থেকে রক্ষা করতে একটি বড় প্রকল্প প্রণয়নের কাজ চলছে। আশা করি, আগামী এক মাসের মধ্যে সেটি মন্ত্রণালয়ে জমা হবে।’

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী এলাকায় রোববার সকালে ভাঙন শুরু হয়। গত দুই মাস আগেও ছবুল্লা শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬০ মিটার দূরে ছিল পদ্মা নদী। ভাঙনের কারণে বর্তমানে মাত্র ১৪ মিটার দূরে রয়েছে নদী।

পাউবোর ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, ছবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর গভীরতা বেশি। সেখানে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা সম্ভব নয়। এখানে পদ্মা নদীর তীর সংরক্ষণসহ স্থায়ী কাজ হওয়ার প্রয়োজন। এ বিষয়ে একটি প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া রয়েছে। ওই প্রকল্প অনুমোদিত হলে কাজ শুরু করা হবে।