ঘরবন্দী দিনের শখ আর চেষ্টায় ঘুচেছে বেকারত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যিকভাবে কলা চাষ করে লাভ পাচ্ছেন আতিকুল ইসলাম। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরের পারিয়াচাল এলাকায় নিজের কলাবাগানে তিনি
ছবি: প্রথম আলো

সারা দেশে করোনার বিধিনিষেধ শুরু হয়ে গেছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। ২০২০ সালের মার্চের এমন সময়ে শখের বসে বাড়ির পাশের জমিতে কলার চাষ শুরু করেন গাজীপুরের তরুণ আতিকুর রহমান। এরপর বিধিনিষেধ শিথিল হয়েছে, নতুন করে করোনার নানা ধরন ছড়িয়ে পড়লে আবার বিধিনিষেধ জারি হয়েছে। এর মধ্যেই দিন দিন বেড়েছে আতিকুরের কলা চাষের পরিসর।

আতিকুরের বাড়ি জেলার কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের পাবরিয়াচালা গ্রামে। বেকার অবস্থায় নিজেদের ১২০ শতাংশ জমিতে কলার চাষ করেছিলেন। আতিকুরের কলাবাগানের পরিসর এখন ১ হাজার ৪৪০ শতাংশ জমিতে। কলা বিক্রি করে এক বছরে দ্বিগুণ আয় করেছেন। তাঁর দেখাদেখি কলা চাষ শুরু করেছেন গ্রামের আরও ১৫–১৬ জন তরুণ।

পাইকারি বাজারে প্রতি কাঁদি চাঁপা কলা ৩০০ থেকে ৩৫০, সবরী কলা ৪০০ থেকে ৬০০ ও সাগর কলা বিক্রি হয় ২৫০ থেকে ৪০০ টাকায়। আতিকুর রহমান বলেন, করোনার সময় বেকার হয়ে যাওয়ায় শখের বসে কলা চাষ শুরু করেছিলেন। কিন্তু এখন তিনি বাণিজ্যিকভাবে কলার চাষ করছেন। প্রতিবছরই তাঁর খরচের দ্বিগুণ আয় হচ্ছে।

বৃষ্টি ও বন্যার পানি আটকে থাকে না, এমন জমি কলা চাষের জন্য উপযোগী। ১ বিঘা জমিতে প্রায় ৩০০ থেকে ৩৫০টি কলার চারা রোপণ করা যায়। প্রতি বিঘায় কলা চাষে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। আতিকুর বলেন, ১ বিঘায় চারা রোপণের কয়েক মাস পর প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকার কলা বিক্রি করেছেন।

সোহেল নামের স্থানীয় এক পাইকার বলেন, কালিয়াকৈরের মাটি কলা উৎপাদনের জন্য ভালো। সারা দেশে সবরী কলা, চাঁপা কলার কদর রয়েছে। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় কালিয়াকৈরের কলা বিক্রি হয়ে থাকে।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কলার আবাদ করে পাবরিয়াচালা গ্রামের আতিকুর রহমানের সফলতা দেখে স্থানীয় অনেকেই কলা চাষে এগিয়ে আসছেন। উপজেলা কৃষি অফিস থেকে মাঝেমধ্যে কলাচাষিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।