ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আজ বিকেল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ঢল নামে। ফেরিতে তীল ধারণের জায়গা নেই। ছবিটি পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকা থেকে তোলা
ছবি: আব্দুল মোমিন

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষের ঢল নেমেছে। শনিবার বিকেলে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঘাটে ফেরি আসার সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়োহুড়ি করে ফেরিতে উঠে পড়েন। মুহূর্তেই পুরো ফেরি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটে থেকে দেখা গেছে, সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত ফেরি পারাপারে যাত্রীবাহী বাসের চাপ ছিল। দুপুরের পর সেটি একটু কমে যায়। সকাল থেকেই রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঘরমুখী যাত্রীরা ঘাটে আসতে শুরু করেন। সকালে লঞ্চের যাত্রীদের ভিড় থাকলেও ফেরিতে কমসংখ্যক যাত্রী পার হচ্ছিলেন। বিকেল চারটার পর থেকে ঘাটে যাত্রীর চাপ বেড়ে যায়। দূরপাল্লার বাসের চেয়ে লোকাল (ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত) বাসের চাপ ছিল বেশি। পাটুরিয়ার পুরোনো ট্রাক টার্মিনাল এলাকায় লোকাল বাসের যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাঁরা প্রায় আধা কিলোমিটার হেঁটে লঞ্চ ও ফেরিতে উঠে নদী পার হচ্ছিলেন। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ, ট্রাফিক পুলিশ ও থানা-পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ঘাটেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাটের পন্টুনে ফেরি চন্দ্র মল্লিকা নোঙর করে। ফেরি ভেড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা দৌড়ে গিয়ে ফেরিতে উঠে পড়েন। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ফেরিটি বোঝাই হয়ে যায়। এরপর ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। বিকেল পৌনে পাঁচটার দিকে ৪ নম্বর ঘাটে ভেড়ে ফেরি শাহজালাল। এক পাশ দিয়ে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন নামতে থাকে এবং অন্য পাশ দিয়ে তাড়াহুড়ো করে যাত্রীরা ফেরিতে ওঠেন। ফেরিতে উঠতে যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখায় সহযোগিতা করেন নৌ-পুলিশের সদস্যরা। কিছুক্ষণের মধ্যে ওই ফেরিও কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আজ সকাল থেকে ঢাকা, সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকেরা পাটুরিয়া ঘাটে আসতে শুরু করেন
ছবি: আব্দুল মোমিন

ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ঢাকা, সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকেরা পাটুরিয়া ঘাটে আসতে শুরু করেন। পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। বিকেলে যাত্রীদের চাপ আরও বেড়ে যায়। রাত আটটার দিকেও ফেরিতে যাত্রীর চাপ ছিল।

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন দুলাল হোসেন ও রত্না আক্তার দম্পতি। দুই সন্তান নিয়ে তাঁরা ফরিদপুরে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন। বিকেল সাড়ে চারটার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে দুলালের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা বছর কামকাজ করি। বছরে দুবার ঈদে বাড়ি যাই। আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়।’

ফরিদপুর নৌ–অঞ্চলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন সারা দিন ঘাটে ছিলেন। তিনি বিকেলে বলেন, নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামের নির্দেশনায় ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় নৌ–পুলিশের সদস্যরা কাজ করছেন। লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে যাত্রীদের সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে।

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটেও ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার সকালে লঞ্চঘাট এলাকায়
ছবি: আব্দুল মোমিন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, পাটুরিয়া প্রান্তে পাঁচটি ফেরিঘাটের সব কটিই সচল রয়েছে। এ ছাড়া বড়-ছোট মিলিয়ে ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যাত্রীদের বাড়তি চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন ফেরিতে ওঠে নদী পার হওয়ার সুযোগ পাচ্ছে।