ঘরে উপুড় হয়ে পড়ে ছিল যুবকের লাশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহদৎ মেম্বারপাড়ায় ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে ছিল যুবকের লাশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত যুবকের নাম জাকির শেখ (৩৩)। তিনি মেম্বারপাড়ার ইউসুফ শেখের ছেলে। জাকির দৌলতদিয়া ঘাট এলাকার পণ্যবাহী পরিবহনশ্রমিকের কাজ করতেন। তাঁর সাত বছরের এক ছেলে আছে।
নিহত জাকিরের স্ত্রী মাহফুজা খাতুন বলেন, প্রতিদিন সন্ধ্যার পর জাকির বাড়ি থেকে বের হয়ে গেলে পাশে বাবার বাড়িতে থাকতেন তিনি (মাহফুজা)। রাত দুইটা-তিনটার দিকে জাকির ফেরার পথে তাঁকে বাড়িতে নিয়ে আসতেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যান তাঁর স্বামী। গত রাতে তাঁকে আর বাড়িতে নিয়ে আসেননি। আজ সকাল ছয়টার দিকে ঘরে গিয়ে দেখেন মেঝেতে তাঁর স্বামীর লাশ উপুড় হয়ে পড়ে আছে। মেঝেতে রক্তের দাগ। মুখের সামনের দুটি দাঁত ভাঙা, বুকে ও হাতে রক্ত জমাটবাঁধা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাহফুজা খাতুন আরও বলেন, ‘জাকির মাঝেমধ্যে বন্ধুদের বাড়ি এনে আড্ডা দিত। এ জন্য আমি তাকে বকাঝকা করতাম। সেও নেশায় জড়িয়ে পড়ে। আমার স্বামীকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
নিহত জাকিরের মা পিয়াসী বেগম বলেন, ‘সকালে জাকিরের স্ত্রী ও ছেলে দাউদের চিৎকার শুনে ঘরের দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে শিকল লাগানো। পরে ঘরে গিয়ে দেখি জাকিরের লাশ পড়ে আছে।’
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, নাকি তাঁকে মেরে ফেলা হয়েছে। আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।