‘ঘরে চাল নেই, কী করব?’

কুমিরমারা আবাসনের শতাধিক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। আয় রোজগার না থাকায় দুরবস্থায় রয়েছে তারা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলার মানচিত্র

আবদুস সাত্তার খান (৬০) ও পিয়ারা বেগম (৫০) দম্পতি সরকারি আবাসন প্রকল্পের ঘরে থাকেন। তাঁদের জমিজমা নেই। সাত্তার খান ইজিবাইক চালিয়ে পাঁচ সদস্যের ভরণপোষণ করেন। এনজিও থেকে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে ইজিবাইক কিনেছেন। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয় প্রায় আড়াই হাজার টাকা। লকডাউনের কারণে আয়–রোজগার বন্ধ। এ দম্পতি এখন ধারদেনা করে কিস্তি দিচ্ছেন ও সংসার চালাচ্ছেন।

পিরোজপুর সদর উপজেলায় কচা নদীর তীরে কুমিরমারা আবাসন প্রকল্পে এ দম্পতির বসবাস। তাঁদের মতো কুমিরমারা আবাসনের প্রায় শতাধিক পরিবার দুরবস্থায় রয়েছে।

পিয়ারা বেগম বলেন, ‘লকডাউন ঘোষণার পর ইজিবাইক চালাতে না পারায় স্বামীর আয় নেই। কিস্তির টাকার জন্য এনজিওর লোকজন ঘরে এসে বসে থাকেন। ঘরে চাল–সদাই নেই। এখন আমরা কী করব? পেট তো আর লকডাউন মানে না। ’

গতকাল শুক্রবার দুপুরে কুমিরমারা আবাসনে গিয়ে দেখা কথা হয় বাসিন্দাদের সঙ্গে। তাঁরা জানান, এখানে ১০০টি দরিদ্র পরিবারের বসবাস। অধিকাংশ বাসিন্দা দিনমজুর, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী, ইজিবাইক ও রিকশাচালক। অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক ও অটোরিকশা কিনেছেন। কেউ ক্ষুদ্র ব্যবসা করছেন। আবার কেউ জাল–নৌকা কিনে নদীতে মাছ ধরছেন। লকডাউন চলাকালে তাঁরা বেকার হয়ে পড়েছেন।

বাদামবিক্রেতা শাহিন তালুকদার (৩২) বলেন, তাঁর ছয় সদস্যের পরিবার। ১০ হাজার টাকা ঋণ নিয়ে বাদামের ব্যবসা শুরু করেন। প্রতিদিন ১২০ টাকা করে কিস্তি দিতে হয়। লকডাউনের কারণে তাঁর আয়–রোজগার বন্ধ। এখন ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। কিস্তির টাকা দিতে না পারায় মহাজনের কটু কথা শুনতে হচ্ছে। দিন দিন ঋণের বোঝা বাড়ছে।

আবাসনের বাসিন্দা জাহানারা বেগম (৪৭) বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছেন। গত সপ্তাহে এনজিওর লোকজন কিস্তি নিয়ে গেছেন। এক মহাজনের কাছ থেকে সুদে টাকা এনে কিস্তি দিয়েছেন। বর্তমানে হাতে টাকা নেই।

কুমিরমারা আবাসন সমবায় সমিতির সাবেক সভাপতি আবদুল জব্বার বলেন, ‘আবাসনের বাসিন্দারা সবাই নিত্য আনে নিত্য খায়। লকডাউনে সবাই কর্মহীন হয়ে পড়েছেন। তিনবেলা খাবার খাওয়া মানুষের জন্য কষ্ট হয়ে পড়েছে। এরপর রয়েছে এনজিওর কিস্তি। লকডাউন চলাকালে ঋণের কিস্তি আদায় বন্ধ করা না হলে আমরা মরে যাব।’