ঘরে ঢুকে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে বাবা ও মেয়ের জামাতার মুখে অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে কয়েকজন যুবক অপহরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশে লোকজন এসে পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল শনিবার রাত ১০টায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ রোববার দুপুরে পাঁচ যুবকের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণের চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক দুলাল মিয়া বাদী হয়ে মামলা করেন। আর অপহরণের চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। দুটি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার পাঁচ যুবক হলেন মো. রাসেল, আরিফ হোসেন, মো. শাওন, মোরশেদ আলম ও রবিউল আলম। তাঁদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে রাসেল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। শনিবার রাতে রাসেল ও তাঁর সহযোগীরা ঘরে ঢুকে ওই ছাত্রীর বাবা ও তাঁর ভগ্নিপতির মুখে অস্ত্র ঠেকিয়ে ছাত্রীকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে পাঁচজনকে আটক করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, আটক যুবকদের অস্ত্র ও অপহরণের চেষ্টার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।