ঘরে ঢুকেই দেখলেন লাশ পড়ে আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম শাহীনুর বেগম (২৩)। গতকাল সোমবার দুপুরে নগরের বাকলিয়া থানার মাস্টারপুল বউবাজার এলাকার একটি বাসা থেকে প্রতিবেশীর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ। দাম্পত্যকলহের জেরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী মো. জামালকে আটক করেছে পুলিশ।

বউবাজার এলাকার ছয় তলা ওই ভবনটিতে নিম্ন আয়ের লোকজন ভাড়া থাকেন। ভবনের ষষ্ঠ তলায় স্বামী-স্ত্রী থাকতেন। দুপুরে এক প্রতিবেশী দরজার বাইরে থেকে ওই গৃহবধূকে ডাকছিলেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি দেখেন দরজার বাইরে থেকে হুক লাগানো। দরজা খোলার পর ভেতরে ঢুকে দেখেন গৃহবধূর লাশ মেঝেতে পড়ে আছে। পরে তিনিসহ অন্য প্রতিবেশীরা পুলিশকে ঘটনাটি জানান। নিহত গৃহবধূর স্বামী তখন বাসায় ছিলেন না।

নিহত গৃহবধূর বড়ভাই মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, আড়াই বছর আগে তাঁর বোনের সঙ্গে জামালের বিয়ে হয়। জামাল নগরের ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর বোনও পোশাক কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে চাকরি ছেড়ে দেন। গত বছরের জুন মাসে যৌতুকের জন্য তাঁর বোনকে মারধর করেছিলেন জামাল। পরে এটি পারিবারিকভাবে মীমাংসা করা হয়। কিন্তু এরপরও জামালের নির্যাতন বন্ধ হয়নি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন দাম্পত্যকলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। নিহত গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, কীভাবে এ খুনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে আশপাশের বাসিন্দারা কেউ কিছু বলতে পারেননি। বাসাতেও অন্য কেউ ছিলেন না।

গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক বিপুল বড়ুয়া প্রথম আলোকে বলেন, দুই কক্ষের ওই বাসার একটি কক্ষের মেঝের বিছানার ওপর গলাকাটা লাশ পড়েছিল। ঘরে খাট ছিল না। লাশটির কান, বুক ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাসা থেকে একটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে।