ঘরে পুঁতে রাখা তরুণের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, চাচাতো ভাই-ভাবি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় হত্যার পর তরুণের লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার ঘটনায় আটক নিহত তরুণের চাচাতো ভাই ও ভাবিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নিহত তরুণের নাম সাইদুল ইসলাম (২৪)।

উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আজ খাঁ গ্রামের এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর রাতে নিহত সাইদুলের বাবা অজিমুদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। গত রোববার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো দম্পতি হলেন নিহত সাইদুলের চাচাতো ভাই রফিকুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী বুলবুলি বেগম। রফিকুল ওই গ্রামের হারেস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সাইদুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর গতকাল দুপুরে রফিকুলের বাড়ির পাশে একটি ভুট্টাখেতে রক্তমাখা কোদাল ও রক্তের দাগ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ অনুসরণ করে রফিকুলের ছোট ভাইয়ের ঘরের মেঝেতে পুঁতে রাখা সাইদুলের লাশ উদ্ধার করেন।

কাউনিয়া থানা–পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়িতে ফেরার সময় রফিকুল তাঁর ঘরের পেছনে সাইদুলকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুলকে পাশের ভুট্টাখেতে নিয়ে দা দিয়ে কোপ দেন রফিকুল। এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুল। পরে লাশ নিয়ে এসে রফিকুল তাঁর ঢাকায় অবস্থানরত ছোট ভাইয়ের ঘরের মেঝেতে পুঁতে রাখেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, গতকাল ওই দম্পতিকে আটক করা হয়। মামলার আসামি হওয়ায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। তবে তিন আসামির মধ্যে অপরজনের নাম জানাননি ওসি।