ঘরের পেছনে গর্তে মিলল নিখোঁজ শিশুর গলাকাটা লাশ
বিকেলে হঠাৎ শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর হদিস মিলল। কিন্তু শিশুটির এমন অবস্থা কেউ কল্পনাও করেনি। নিজেদের ঘরের পেছনে মাটির গর্তে পড়ে ছিল তার গলাকাটা ছিন্নভিন্ন মরদেহ। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের কেছুলুটি গ্রামে।
খবর পেয়ে পুলিশ এসে বসতঘরের পেছন থেকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত ফাতেমা জান্নাত (৬) স্থানীয় কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
ফরিদ মিয়া বলেন, বুধবার আসরের নামাজের পর বিকেল প্রায় পাঁচটা থেকে ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটায় বসতঘরের পেছনের একটি ছোট মাটির গর্তে তাঁর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে সুরতহাল তৈরির পাশাপাশি লাশটি উদ্ধার করে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন ফরিদ মিয়া।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ছুরি দিয়ে তার পেট ক্ষতবিক্ষত করা হয়েছে। শিশুটির দেহের বিভিন্ন অংশে ছুরি দিয়ে কোপানোর দাগ রয়েছে। কী কারণে কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে জানান তিনি।