ঘাট পার হলেই সবজির দাম বেড়ে দ্বিগুণ

গাজীপুরের বানার নদের এক পাড়ে পাইকারি ও অন্য পাড়ে বিভিন্ন পণ্যের খুচরা বাজার। দোকান ভাড়ার কথা বলে দাম বেশি রাখছেন বিক্রেতারা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে টমেটো নদীর খেয়াঘাটে ১০ টাকা কেজি, তা ঘাট পেরিয়ে বাজারে উঠলেই বেড়ে হয় ৩০ টাকা। দামের এ অস্বাভাবিক পার্থক্য প্রায় সব ধরনের শাকসবজিতে। গাজীপুরের শিল্পাঞ্চলখ্যাত শ্রীপুর উপজেলার সবচেয়ে পুরোনো হাট বরমী বাজারে এমন অবস্থা ছিল গতকাল বুধবার।

উপজেলার বানার নদকেন্দ্রিক শতবর্ষী হাট বরমী বাজার। প্রান্তিক পর্যায়ে শ্রীপুরের কৃষি অর্থনীতির প্রবেশদ্বার বলা হয় এ বাজারকে। আশপাশের চার-পাঁচটি উপজেলা থেকে বিভিন্ন খাদ্যশস্য নদীপথে শ্রীপুর হয়ে গাজীপুর ও আশপাশের শহরগুলোতে প্রবেশ করে। এসব কেনাবেচার জন্য সাপ্তাহিক হাট বসে বানার নদের খেয়াঘাট ও এর আশপাশজুড়ে। ঘাটের পশ্চিম দিকে তিন–চার শ মিটার দূরত্বে কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বসে। বুধ ও শুক্রবার দুদিন হাটবার হলেও এখন প্রায় প্রতিদিনই কৃষিপণ্যের পাইকারি কেনাবেচা চলে এখানে।

গতকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বানার নদের পাড়ের পাইকারি তরিতরকারির হাটে নানা পণ্যের মূল্য পর্যবেক্ষণ করা হয়। তাতে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি সবজির যে দাম, তা নদীর অপর পাড়ের খুচরা বাজারে গিয়ে প্রায় দ্বিগুণ হচ্ছে। এ নিয়ে বিভিন্ন উপজেলা থেকে কৃষিপণ্য বিক্রি করতে আসা লোকজন, খুচরা ও পাইকারি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক।

হাটে কিশোরগঞ্জ জেলার মির্জাপুর থেকে আসা আবদুল মজিদ মিয়া তিন মণ টমেটো বিক্রি করেন। প্রতি মণে দাম পান ৪০০ টাকা। সে হিসেবে প্রতি কেজি টমেটো পাইকারি বিক্রি করেন ১০ টাকায়। একই সময় ঘাট পেরিয়ে মাত্র ৩০০ মিটার দূরত্বের কাঁচাবাজারে একই টমেটো খুচরা বিক্রি হচ্ছিল ৩০ থেকে ৩২ টাকায়।

ময়মনসিংহের পাগলা থানা থেকে আসা কৃষক নিজাম উদ্দিন বলেন, তিনি বরমী হাটে কাঁচা মিষ্টিকুমড়া বিক্রি করেন প্রতিটি ২২–২৫ টাকায়। ঘাট পেরিয়ে পাশের কাঁচাবাজারে একই মিষ্টিকুমড়ার দাম খুচরায় ৫৫ থেকে ৬০ টাকা। ঘাটে নিজাম উদ্দিন প্রতিটি বাঁধাকপি পাইকারি বিক্রি করেন ২০ টাকা। খুচরা বাজারে সেই বাঁধাকপির দাম ৩৫ টাকা।

একই ভাবে ২২ টাকা কেজি দরের শিম ঘাট পার হলেই খুচরা বাজারে দাম হয়ে যায় ৩০–৩৫ টাকা। উজ্জ্বল মিয়া নামের এক প্রান্তিক কৃষক বলেন, এসব সবজি তাঁদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে খুচরা বাজারে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে পাইকারেরা লাভবান হলেও লোকসান হচ্ছে ফসল উৎপাদনকারী কৃষকের।

উজ্জ্বল বলেন, কাঁচা তরিতরকারির উৎপাদন খরচ বিবেচনায় উপযুক্ত মূল্য কৃষকের হাতে এলে এ পেশায় অনেকেই নতুন করে যুক্ত হবেন। তা না হলে কৃষক কমবে, অপর দিকে পণ্যের দামও বাড়বে।

বরমী খেয়াঘাটের পশ্চিম পাশে কাঁচাবাজার। সেখানকার সবজি বিক্রেতা মোবারক হোসেন। তাঁর দাবি, পাইকারদের কাছ থেকে তাঁকে বেশি দামে সবজি কিনতে হয়। এ ছাড়া দোকান ভাড়াসহ অন্যান্য খরচ আছে। সব মিলিয়ে হিসাব করে কিছু লাভ রেখে পণ্য বিক্রি করছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অস্বাভাবিক মূল্য নেওয়া হলে বরমীসহ অন্যান্য বাজারে অভিযান চালানো হবে।