ঘাটে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে, বাড়ছে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় চার কিলোমিটার লম্বা লাইনে এভাবেই আটকা পড়ে আছে পণ্যবাহী গাড়ি। রাজবাড়ীর দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায়, ১১ আগস্ট
ছবি: এম রাশেদুল হক

বিধিনিষেধ শিথিলের প্রথম দিন রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটের দৌলতদিয়া ঘাট এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের দীর্ঘ লম্বা লাইন তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

ফেরির স্বল্পতা, পদ্মায় তীব্র স্রোত ও বাংলাবাজার-শিমুলিয়া রুটে পণ্যবাহী গাড়ি পারাপারে নিষেধাজ্ঞার কারণে এ ভোগান্তির সৃষ্টি হয়েছে। সকালে গাড়ির খুব বেশি চাপ না থাকলেও দুপুরের পর যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার লম্বা দুই লাইনে যানবাহন পদ্মা পাড়ি দিতে অপেক্ষা করতে দেখা যায়। এর মধ্যে এক লাইনে ঢাকাগামী শুধু যাত্রীবাহী বাস এবং আরেক লাইনে পণ্যবাহী গাড়ি দেখা যায়। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা পর্যন্ত প্রায় ৫০০ জরুরি পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সিরিয়াল দিয়ে ফেরিতে উঠার অপেক্ষা রয়েছে।

ফেরিঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর এলাকায়ও রয়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সিরিয়াল। সেখানেও আরও প্রায় ৫০০ ঢাকাগামী যানবাহন দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে শুধু ঢাকাগামী পণ্যবাহী গাড়ি ফেরিতে উঠার অপেক্ষায় রয়েছে। আটকে থাকা পণ্যবাহী গাড়িচালকদের ভাষ্যমতে, আগের দিন মঙ্গলবার রাত থেকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিছু দূরপাল্লার যাত্রীবাহী নৈশকোচ পদ্মা পাড়ি দিতে আসে। ওই সব দূরপাল্লার নৈশকোচ আগে ফেরিতে উঠার সুযোগ করে দেওয়ায় পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।

লম্বা লাইনে আটকে থাকা খুলনা থেকে আসা হার্ডওয়্যার সামগ্রীবোঝাই ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক রাজু হাওলাদার গাড়ির স্টিয়ারিংয়ের ওপর সহকারীসহ ঘুমিয়ে আছেন। রাতভর জেগে থাকায় ক্লান্ত চালক ও সহকারী উভয়ে অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সামনের গাড়ি ঘাটের দিকে টান দিলে পেছন থেকে অন্য এক গাড়ির চালক এসে তাঁদের ঘুম ভাঙান।

গাড়িচালক রাজু হাওলাদার বলেন, ‘মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড় পৌঁছালে পুলিশ আমাদের আটকে দেয়। এ সময় ঘাটে স্বল্পসংখ্যক গাড়ি আটকে থাকার খবর পাই। রাত ১১টার দিকে শুনি, ঘাটে দূরপাল্লার পরিবহনের অনেক চাপ পড়েছে। যে কারণে আমাদের রাতে ছাড়েনি। রাতভর আহ্লাদিপুর আটকে থাকার পর সকালে ঘাটের উদ্দেশে ছেড়ে দিলেও এখনো ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে লম্বা লাইনে আটকে আছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ছোট-বড় মিলে ১৬টির মধ্যে বর্তমানে ১৪টি ফেরি চলছে। বাকি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান নামের দুটি রো রো ফেরি যান্ত্রিক ত্রুটিতে দুই দিন ধরে পাটুরিয়ার ভাসমান কারখানায় রয়েছে। গণপরিবহন চালু হওয়ায় এবং বাংলাবাজর-শিমুলিয়া নৌপথে মঙ্গলবার রাত থেকে পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ করায় রুটের অধিকাংশ গাড়ি এ রুট দিয়ে আসছে। যে কারণে গাড়ির চাপ পড়েছে।

শিহাব উদ্দিন আরও বলেন, গাড়ির চাপ সামাল দিতে ওই রুটের কয়েকটি রো রো (বড়) ফেরি দৌলতদিয়া-পাটুরিয়ায় পাঠানোর অনুরোধ জানালে কর্তৃপক্ষ চারটি বড় ফেরি পাঠানোর কথা জানিয়েছে। ১৪টির সঙ্গে বহরে আরও ৪টি বড় ফেরি যুক্ত হলে তখন গাড়ি চাপ থাকবে না। এ ছাড়া আরিচা-কাজিরহাট নৌপথ থেকেও প্রয়োজনে কয়েকটি ফেরি এই রুটে পাঠানোর অনুরোধ জানিয়েছেন বলে জানান এই কর্মকর্তা।