ঘাতকদের গ্রেপ্তার ও বিচার শুরুর দাবিতে আলোক প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকী হত্যার চিহ্নিত ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মোমশিখা প্রজ্বালন। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণ, নারায়ণগঞ্জে, ৮ নভেম্বর সন্ধ্যা
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৫ মাস উপলক্ষে ঘাতকদের গ্রেপ্তার ও বিচার শুরুর দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বুধবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে তারা।ৎ

সংগঠনের সহসভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘আজকে আবরার ফাহাদ হত্যার বিচারের রায় হলো—২০ জনকে ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দেখলাম, ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির বাবা আহাজারি করে বলছেন, “যারা আমার ছেলেকে অপরাধী বানালো, খুনি বানালো তাদের তো বিচার হলো না।” আমরা অপরাধী তৈরির গডফাদারদের বিচার চাই।

ত্বকী হত্যার তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলন করে বলেছেন, শামীম ওসমানের ভাতিজা, নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। আমরা আজমেরী ওসমানের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে এ হত্যার নির্দেশদাতা শামীম ওসমানকে বিচারের আওতায় আনার দাবি জানাই।’

রফিউর রাব্বি বলেন, ‘প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই আবরার হত্যাব বিচার হয়েছে, প্রধানমন্ত্রী চাইছেন না বলেই ১০৫ মাস ধরে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। হত্যা-গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিভিন্ন সময় সরকার ও সরকারি দল উৎসাহিত ও পুরস্কৃত করেছে। দলে থাকলে নেতা-কর্মীদের চরিত্র ফুলের মতো পবিত্র হয়, আর দল থেকে বাদ পড়লেই তারা অত্যন্ত নিকৃষ্ট, ঘৃণ্য। গাজীপুরের মেয়রকে দল থেকে বহিষ্কারের দুই দিন পর স্থানীয় সরকারমন্ত্রী আমাদের জানালেন, জাহাঙ্গীর আলম ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী। এত দিন আমরা তা জানলেও সরকার তাঁর পক্ষে ছিল। গতকাল তথ্য প্রতিমন্ত্রীকে বাদ দেওয়ার পর তারা মন্ত্রী মুরাদের বিরুদ্ধে মুখ খুলল। অথচ যে ফোনালাপ চিত্রনায়িকার সঙ্গে, সেটি দুই বছর আগের। ফোনালাপ রেকর্ড কারা করে—সরকারের বাহিনী, গোয়েন্দা সংস্থা। দুই বছর আগেই যে লোকটি দুশ্চরিত্র, লম্পট বলে সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা চিহ্নিত হলো, তাঁকে দলে ও মন্ত্রিসভায় বহাল তবিয়তে রাখা হলো। প্রধানমন্ত্রীকে বলব, আপনার দলে এমন অনেক মুরাদ-জাহাঙ্গীর আছেন, তাকিয়ে দেখেন।’

রফিউর রাব্বি আরও বলেন, আইনকে কেবলই নিজের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে সরকার গোটা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ বলেন, হত্যার এক বছরেই তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ওসমান পরিবারের লোকজন ত্বকীকে হত্যা করেছে। অথচ সেই ঘাতক–খুনিরা সরকারের সহায়তায় আজও ঘুরে বেড়ায়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের জেলা যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সদস্যসচিব প্রদীপ সরকার।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখাখাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।