ঘাস কাটার আড়ালে রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে নিতেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

গরুর জন্য ঘাস কাটার নাম করে প্রতিদিনই রেললাইনের ধারে যেতেন তিনি। সবাই জানতেন, লোকটি কেবল ঘাসই কাটছেন। তুফান হোসেন (২২) নামের ওই তরুণের আরও একটি উদ্দেশ্য ছিল বলে জানা গেল। কাস্তের সঙ্গে হাতুড়িও নিয়ে যেতেন তিনি। খুলে নিয়ে আসতেন রেললাইনের প্যান্ডেল ক্লিপ। এবার হাতনাতে ধরা পড়েছেন তুফান। তিনি আক্কেলপুর পৌর শহরের ফকিরপাড়া মহল্লার বাসিন্দা।

এক সপ্তাহ ধরে জয়পুরহাটের আক্কেলপুরের বেগুনবাড়ি রেলগেট এলাকায় রেলওয়ের প্যান্ডেল ক্লিপ চুরি হচ্ছিল। এরপর রেলপথের ওই এলাকায় দিনরাত পালাক্রমে পাহারা দিচ্ছিলেন ওয়েম্যানরা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ২৫টি প্যান্ডেল ক্লিপসহ হাতেনাতে এক তরুণকে আটক করে রেলওয়ে থানা–পুলিশে সোপর্দ করেছেন তাঁরা। এর আগেও প্যান্ডেল ক্লিপগুলো তিনিই চুরি করেছেন বলে ধারণা করছেন ওয়েম্যানরা।

আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, আক্কেলপুর-জামালগঞ্জ রেলস্টেশনের বেগুনবাড়ি রেলগেট এলাকায় উত্তর দিকে ৩০৩ থেকে ৩০৯ কিলোমিটারের মধ্যে প্যান্ডেল ক্লিপ চুরি হচ্ছিল। গত এক সপ্তাহ আগে একই দিনে ১৫০টি প্যান্ডেল ক্লিপ চুরি হয়। এতে রেললাইন সরে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। রেললাইনের প্যান্ডেল ক্লিপ চুরির বিষয়টি ওয়েম্যানদের দ্রুত নজরে আসায় রেললাইনের ওই স্থানগুলোয় নতুন করে প্যান্ডেল ক্লিপ প্রতিস্থাপন করা হয়। ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি।

ওই রেলস্টেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রেললাইনের প্যান্ডেল ক্লিপ চুরি রোধে বেগুনবাড়ি থেকে জামালগঞ্জ পর্যন্ত ১১ জন ওয়েম্যান পালাক্রমে দিনরাত পাহারা দিচ্ছিলেন। আজ সকালে তুফান হোসেন নামের এক তরুণ বেগুনবাড়ি রেলগেটের অদূরে রেললাইনের ধারে ঘাস কাটছিলেন। তিনি এদিক–ওদিক তাকানোর পর বস্তার ভেতর থেকে হাতুড়ি বের করে রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে বস্তায় ভরছিলেন। পাহারার দায়িত্বে থাকা একজন ওয়েম্যান আড়ালে থেকে এ দৃশ্য দেখছিলেন। সহকর্মীদের বিষয়টি জানান তিনি। এরপর তাঁরা সেখানে গিয়ে তুফান হোসেনকে প্যান্ডেল ক্লিপসহ হাতেনাতে ধরে ফেলেন। পরে সান্তাহার রেলওয়ে থানা–পুলিশকে খবর দেওয়া হয়। পরে তাঁরা এসে প্যান্ডেল ক্লিপগুলোসহ তুফানকে নিয়ে যান।

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন প্রথম আলোকে বলেন, প্যান্ডেল ক্লিপ খুলে নেওয়ার কারণে ট্রেন চলাচলের সময় রেললাইন সরে যেতে পারে। এতে ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। প্যান্ডেল চুরির কারণে ১১ জন ওয়েম্যান পালাক্রমে দিনরাত রেললাইন পাহারা দিচ্ছিলেন। আজ সকালে রেললাইনের প্যান্ডেল ক্লিপসহ একজন তরুণকে আটক করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার পরির্দশক সাকিউল আযম প্রথম আলোকে বলেন, ওয়েম্যানরা রেললাইনের প্যান্ডেল ক্লিপসহ একজনকে জিআরপি থানা–পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা হয়েছে। ওই মামলা তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।