ঘিওরে কঠোর বিধিনিষেধের মধ্যেই বসেছে হাট
করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যেই মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বসেছে সাপ্তাহিক হাট। বুধবার দিনব্যাপী জেলার এই বৃহৎ হাটে অসংখ্য মানুষের সমাগম হয়। অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। হাটে মানুষের এই অবাধ বিচরণে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলা সদরে অবস্থিত ঘিওর হাট বসে প্রতি বুধবার। জেলার প্রায় ২০০ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী হাটে নিত্যপ্রয়োজনীয় খাদ্য, কৃষিপণ্যসহ গরু-ছাগল, পোশাক, নৌকাসহ যাবতীয় জিনিসপত্র কেনাবেচা হয়। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধে হাট বন্ধ থাকার কথা। তবে বুধবার সকাল থেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক, রিকশা-ভ্যান ও অটোরিকশায় করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে হাটে আসেন বিক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই হাটে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন লোকজন। একপর্যায়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। ব্যবসায়ীরা হাটে জিনিসপত্রের পসরা নিয়ে বসে পড়েন। ক্রেতারাও দল বেঁধে কেনাকাটা করতে যান হাটে।
স্থানীয় লোকজন বলছেন, এ ঘটনায় করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ হাট বসাতে বাধা দিলেও ক্রেতা-বিক্রেতারা তা মানেননি।
উপজেলার নার্চি গ্রামের জয়নাল মিয়া (৫৫) হাটে ধান বিক্রি করতে আসেন। তিনি বলেন, ‘হাতে নগদ ট্যাহা নাই। তাই ধান নিয়্যা হাটে আইছি। ধান বেইচ্যা তেল, ডাল কিনুম।’
হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা উপজেলার ফুলহারা গ্রামের তমছের আলী (৫০) বলেন, ‘আমাগো গ্রামে কুনো লকডাউন নাই। সবই তো আগের মতোই। হাট বসব শুইনাই হাটে আইছি।’
বিধিনিষেধের মধ্যেও হাট বসানোর বিষয়ে ঘিওর হাট-বাজার কমিটির সভাপতি হামিদুর রহমান বলেন, ‘বাজারের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাট বসবে না মর্মে মাইকিং করা হয়েছে। এরপরও দূরদূরান্ত থেকে বিক্রেতা জিনিসপত্র নিয়ে হাটে এলে আমাদের কিছুই করার থাকে না।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সকালের দিকে হাটে ক্রেতা-বিক্রেতা এসেছিলেন। তবে উপজেলা প্রশাসন ও পুলিশের কঠোর হস্তক্ষেপে দুপুরে হাট ফাঁকা হয়ে যায়।
হাট বসার বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, সাপ্তাহিক এবং পুরোনো হাট হওয়ায় অনেকেই হাটে এসেছিলেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাতজনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। পরে হাট ফাঁকা হয়ে যায়।