ঘিওরে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধের নাম জালাল উদ্দিন (৭০)। তিনি উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে জালাল উদ্দিন বাড়ি থেকে হাঁটতে বের হন। সকাল সাড়ে সাতটার দিকে ঘিওর-শ্রীবাড়ি সড়কে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহন হন।

পরে স্থানীয় লোকজন জালাল উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। জালাল উদ্দিনের পরিবার অভিযোগ করলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।