ঘুম থেকে উঠে মা দেখেন বিছানায় ছেলের গলাকাটা লাশ
মাদারীপুরের কালকিনি উপজেলায় বসতঘর থেকে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরউদ্দিনচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই কিশোরের নাম জহিরুল ইসলাম (১৬)। সে সমিতিরহাট উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাতে খাবার খেয়ে জহিরুল তার কক্ষে ঘুমাতে যায়। এ সময় তার মা ও ছোট বোন পাশের অন্য একটি কক্ষে ঘুমাতে যান। সকালে জহিরুল ঘুম থেকে না ওঠায় তার মা ছেলের কক্ষে যান। এ সময় ছেলের গলাকাটা লাশ দেখে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক প্রথম আলোকে বলেন, ‘মা ও ছেলে পাশাপাশি কক্ষে ঘুমানো ছিল। সকালে মা ছেলের কক্ষে ঢুকে দেখেন, বিছানায় ছেলের গলাকাটা লাশ পড়ে আছে। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। গলায় ছুরির কয়েকটি আঘাত আছে। এ ছাড়া শরীরে অন্য কোনো স্থানে আঘাতের চিহ্ন নেই।’