ঘুমে ব্যাঘাত ঘটায় থানায় নিয়ে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মহালছড়িতে বরফ ভাঙার শব্দে ঘুমে ব্যাঘাত ঘটায় ১১ জন মাছ ব্যবসায়ী ও জেলেকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তাঁর নাম মো. তৌহিদ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা। পরে অভিযুক্ত পুলিশের ওই উপপরিদর্শককে (এসআই) মহালছড়ি থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমিতির সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক আবুল খায়ের অভিযোগ করে বলেন, মহালছড়ি সদরের ফিশারিঘাটের পাশেই থানার অবস্থান। গত সোমবার দিবাগত রাত তিনটায় ফিশারিঘাটে মাছ বরফজাত করার সময় এসআই তৌহিদ এসে হাজির হন। বরফ ভাঙার শব্দে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটছে উল্লেখ করে চার মাছ ব্যবসায়ীসহ ১১ জনকে ধরে থানায় নিয়ে যান। সেখানে নিয়ে সবাইকে বেধড়ক পেটান ও আটকে রাখেন।

মৎস্য ব্যবসায়ীরা জানান, খবর পেয়ে গতকাল সকালে সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. ফরিদ থানায় আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যান। তখন এসআই তৌহিদ তাঁকেও মারধর করেন। মারধরে আহত মো. ফরিদকে প্রথমে মহালছড়ি সদর হাসপাতালে ও পরে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাছ ব্যবসায়ী, জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা থানার বাইরে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

মহালছড়ি উপজেলা উপসহকারী কমিউনিটি কর্মকর্তা চিকিৎসক লাতিন চাকমা বলেন, মো. ফরিদের শরীরে মারধরের আঘাত রয়েছে। 

এ বিষয়ে মহালছড়ি উপজেলা মৎস্য উন্নয়ন করপোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহম্মেদ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে পুলিশের এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। এসব কারণে সরকারি রাজস্ব আয়ে ব্যাঘাত সৃষ্টি হবে।

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শীল বলেন, দুপুরের দিকে খবর পেয়ে থানার সামনে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করেন। মধ্যরাতে সাধারণ মাছ ব্যবসায়ী এবং জেলেদের সঙ্গে এমন আচরণ দুঃখজনক।

অভিযোগের বিষয়ে জানতে গতকাল বিকেলে এসআই তৌহিদের মুঠোফোনে চেষ্টা করেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়েরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সকালেই থানায় গিয়ে সবাইকে ছেড়ে দেন তিনি। এরপর বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমেদ খান বলেন, অভিযুক্ত এসআই তৌহিদকে মহালছড়ি থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।