ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তাঁরা

কারখানাশ্রমিক সাগর মিয়া ১৪ হাজার টাকা বেতনের চাকরি করতেন। করোনায় সাধারণ ছুটি শুরু হলে বন্ধ হয়ে যায় কারখানা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাবাড়ী হরিণাচালা এলাকার একটি প্রিন্টিং কারখানায় কাজে ব্যস্ত এক নারী শ্রমিক।
ছবি: প্রথম আলো

কারখানাশ্রমিক সাগর মিয়া ১৪ হাজার টাকা বেতনের চাকরি করতেন। করোনায় সাধারণ ছুটি শুরু হলে বন্ধ হয়ে যায় কারখানা। গত ১০ এপ্রিল তাঁর চাকরি চলে যায়। এমন খবর ‘মাথায় আকাশ ভেঙে পড়ার’ মতো মনে হয় সাগরের। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে ফিরে গেলেন গ্রামে। টানা তিন মাস কৃষিকাজ করলেন। কারখানা খুলতে শুরু করলে কাজের সন্ধানে ফিরে আসেন। কাজও পেয়ে যান গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি প্রিন্টিং কারখানায়।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার খামারপাড়া গ্রামের সাগর মিয়া স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন কোনাবাড়ি হরিণাচালা এলাকার কবির হোসেনের টিনশেড বাড়িতে। গত বুধবার কোনাবাড়ি পারিজাত এলাকায় ওই বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে কথা হয় সাগরের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগের অভিজ্ঞতা থাকায় চাকরিটা দ্রুত হয়েছে, তবে বেতন কম। তারপরও শুরু করেছি। কষ্ট হচ্ছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।’

দীর্ঘ সময় কথা বলার পর হাঁটতে হাঁটতে সাগরের ভাড়া বাড়িতে গিয়ে দেখা গেল, একটি বাড়িতে আলাদা আলাদা কক্ষে ১০-১২টি পরিবারের বসবাস। সাগর মিয়া জানান, ১ হাজার ৫০০ টাকা রুমভাড়া দিতে হয়। স্বামী–স্ত্রীর খাওয়ার খরচ লাগে প্রায় ছয় হাজার টাকা। আরও দুই হাজার টাকা যায় সাংসারিক নানা খরচে। বাকি যা থাকে, সেখান থেকে মা–বাবার জন্য বাড়িতে পাঠান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কোনাবাড়ী থানা কমিটির সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, মার্চ মাসে সাধারণ ছুটি ঘোষণার পর বেশির ভাগ শ্রমিক বাড়িতে চলে যান। আবার মালিকেরা যখন কারখানা খোলার ঘোষণা দেন, তখন শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসেন। তিনি আরও বলেন, বহু শ্রমিকের বেতন কমে গেছে। তাঁরা বাধ্য হয়ে কম বেতনের চাকরি করছেন। বর্তমান সময়ে কারখানার শ্রমিকেরা সবচেয়ে বেশি মানবেতর জীবন যাপন করছেন।

কোনাবাড়ি জেলখানা রোডে সেলিম রহমানের টিনশেড বাড়িতে ভাড়া আছে ৩০ থেকে ৩৫টি পরিবার। একটি কক্ষে ভাড়া থাকেন গ্রিনল্যান্ড গার্মেন্টেসের শ্রমিক সুইং হেলপার উনজিলা বেগম। তাঁর সঙ্গে থাকেন স্বামী উকিল শেখ। তাঁদের তিন সন্তান। করোনার কারণে চাকরি না থাকায় সন্তানদের গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়ার হিদাসখৈতে নানা-নানির কাছে রেখে এসেছেন।

গত বৃহস্পতিবার সকালে বাড়ির চুলায় রান্না করছিলেন উনজিলা। তারই ফাঁকে তিনি জানান, বর্তমানে তিনি ব্রাইটেক্স স্পোর্স ওয়্যার নামের আরেকটি কারখানায় চাকরি নিয়েছেন। আগে বেতন ছিল সাড়ে আট হাজার টাকা। এখন পান ছয় হাজার টাকা। স্বামী কাজ পেলে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ টাকা মজুরিতে কাজ করেন। তাঁর প্রতিদিন কাজও থাকে না। আয় কমে যাওয়ায় ছেলেমেয়েদের আর গাজীপুরে আনেননি। এখন ঘরভাড়া দিতে হয় দুই হাজার টাকা, আর খাওয়ার জন্য মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয়। এতে কি চলতে পারছেন? জানতে চাইলে ওই নারী শ্রমিক বলন, ‘এভাবে জীবন চলে না, তবে বেঁচে থাকার জন্য জোড়াতালি দিয়া কোনোরকমে চলতেছি।’

গাজীপুরের ভোগড়া এলাকায় বেন্ডো অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক শান্তা আক্তার। তিনি বড় বোনের সঙ্গে গাছা এলাকায় ভাড়া থাকেন। তিনি জানান, করোনার আগে বেতন পেতেন আট হাজার টাকা। কিন্তু মাঝে চাকরি চলে যায়। এক মাস আগে আবার নতুন চাকরি নিয়েছেন। কিন্তু বেতন পাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা। বেশি বেতনের জন্য নতুন চাকরিও খুঁজে যাচ্ছেন।

গাজীপুর শিল্প পুলিশের একটি পর্যবেক্ষণে দেখা গেছে, করোনা শুরুর পর প্রায় ১০ হাজার শ্রমিকের চাকরি যাওয়ার ঘটনা ঘটেছে। এখনো অনেক কারখানায় ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। আবার নতুন করে অনেকেই চাকরি পাচ্ছেন। কিছু কারখানায় মাইকিং করেও লোক নেওয়া হচ্ছে।

জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক আহমেদ জানান, দুই দিন আগেও একটি কারখানায় শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তবে গাজীপুরে কী পরিমাণ শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন, তার সঠিক কোনো হিসাব নেই।

সিরাজগঞ্জের দৌলতপুর গ্রামের বাসিন্দা মো. মোস্তাকিন জানান, তিনি বোর্ডবাজার এলাকায় একটি কারখানায় কাজ করছেন। কিন্তু বেতন আগের চেয়ে প্রায় তিন হাজার টাকা কম। আগের চাকরি যেহেতু নেই, তাই এখন বসে না থেকে যা পাচ্ছেন, সেভাবেই কাজ করে যাচ্ছেন। গাজীপুরের ফুয়াদ স্পিনিং কারখানার শ্রমিক মনির হোসেন জানান, করোনায় সব জায়গায় একই অবস্থা। তাঁদের অনেক সহকর্মী করোনার বন্ধের সময় বাড়িতে গেছেন, কিন্তু আর ফিরে আসেননি। এসেই–বা কী করবেন, এ অবস্থায় কাজের কোনো নিশ্চয়তা নেই।