ঘুড়ি ওড়ানো নিয়ে শিশুদের মারামারির জেরে কিলঘুষিতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারুন খান
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঘুড়ি ওড়ানো নিয়ে শিশুদের মধ্যে মারামারি ঘটনার জেরে কিলঘুষিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়পুরা পৌর এলাকার তুলাতুলী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম হারুন খান (৫৫)। তিনি একই এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও হারুনের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তুলাতুলী এলাকার একটি মাঠে কয়েকজন শিশু ঘুড়ি ওড়াচ্ছিল। শিশুদের মধ্যে হারুন খানের মেয়ের ঘরের দুই নাতি আলী ও আলাদীন এবং প্রতিবেশী জালাল মিয়ার মেয়ের ঘরের নাতি আবদুল আহাদ ছিল। ঘুড়ি ওড়ানোর সময় শিশুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জেরে বড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল মিয়ার লোকেরা হারুন খানকে কিলঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন হারুনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হারুন খানের স্ত্রী নাসরিন বেগমের দাবি, শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে মারামারিকে কেন্দ্র করে বড়দের কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরেই তাঁর স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে বলেন, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত ব্যক্তির লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জালাল মিয়া ও তাঁর মেয়ে কুলসুম আক্তারকে আটক করা হয়েছে।