ঘুড়ি দেখানোর কথা বলে শিশুকে যৌন নিপীড়ন, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

৬ বছরের মেয়েশিশুটির ঘুড়ি ওড়ানো দেখার খুব আগ্রহ। সুযোগ পেলেই আকাশে ঘুড়ি দেখার জন্য সে ঘর থেকে দৌড়ে চলে যায় ফসলের মাঠে। শিশুটির ঘুড়িপ্রীতির কথা জানতেন প্রতিবেশী তরুণ আশরাফুল আলম (২০)।

ঘুড়ি ওড়ানো দেখানোর কথা বলে গত বুধবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি গ্রামে মেয়েটিকে আশরাফুল যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। মামলায় আশরাফুলকে একমাত্র আসামি করা হয়েছে। পরে রাতে গ্রামের একটি বাড়ি থেকে আশরাফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে তার (আশরাফুল) সঙ্গে ঘটা সবকিছু খুলে বলতে পেরেছে। ঘটনাটি জানার পরপর বিষয়টি আমরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমকে জানিয়েছি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চাপ ছিল। আমরা রাজি হইনি।’

অভিযোগ পাওয়ার দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ।

পুলিশি হেফাজতে আশরাফুল আলম বলেন, ‘আমি শিশুটির প্রতিবেশী। নানা বিষয় নিয়ে পরিবারটির সঙ্গে আমার এবং আমার পরিবারের সমস্যা চলছে। এসব ঘটনার সূত্র ধরে ফাঁসানোর চিন্তা থেকে আমার বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো অভিযোগ তোলা হয়েছে।’