ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পিরোজপুরে ঝোড়ো হাওয়া-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকাল থেকে বৃষ্টি ও হালকা ঝোড়ো বাতাস শুরু হয়েছে। শহরের রাজারহাট কাঠ বাজারে
ছবি: এ কে এম ফয়সাল

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলবর্তী জেলা পিরোজপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল ১০টার পর থেকে বৃষ্টি ও হালকা ঝোড়ো বাতাস শুরু হয়েছে। উপকূলীয় মঠবাড়িয়া, ইন্দুরকানি উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের ৭টি উপজেলার ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি হিসেবে ২৫২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৪, নাজিরপুরে ৩৪, নেছারাবাদে ২৮, ভান্ডারিয়ায় ৫২, কাউখালীতে ২৭, ইন্দুরকানিতে ১৯ ও মঠবাড়িয়ায় ৭৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ১ হাজার ২৭৫ জন ও রেড ক্রিসেন্ট সোসাইটির ২৭০ জন স্বেচ্ছাসেবক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছেন। অশনি মোকাবিলায় ৪২৫ প্যাকেট শুকনা খাবার, ৬৯টি মেডিকেল দল ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বলেন, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ কারণে কৃষকদের খেতের পাকা ধান কাটার জন্য বলা হয়েছে। ৫৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। কিছু বোরো ধান দেরিতে আবাদ করায় সেগুলো কাটা সম্ভব হচ্ছে না।

পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে চার নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হলে মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করব।’