ঘূর্ণিঝড় আম্পান: যশোর-বেনাপোল মহাসড়ক বিচ্ছিন্ন, কৃষির ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সড়কে উপড়ে পড়েছে গাছ। আজ যশোর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে। ছবি: এহসান-উদ-দৌলা
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সড়কে উপড়ে পড়েছে গাছ। আজ যশোর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে। ছবি: এহসান-উদ-দৌলা

ঘূর্ণিঝড় আম্পানে যশোরে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। রাস্তার দুপাশের অসংখ্য গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। ফলে বুধবার সন্ধ্যা সাতটা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত জেলা শহর ও উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যুতের লাইন ঠিক হতে বিকেল নাগাদ সময় লেগে যাবে বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশের শতবর্ষী পাঁচটি গাছ রাস্তার ওপরে পড়ে যোগযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সড়কের নাভারণ এলাকায় তিনটি ও কৃত্তিপুর গ্রামের দুইটি বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। দমকল বাহিনীকে খবর পাঠালেও বেলা ১১টা পর্যন্ত গাছগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার ঝুমঝুমপুর থেকে দায়তলা পর্যন্ত ১০ কিলোমিটারের মধ্যেই অন্তত ২৫টি গাছ উপড়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় এক হাজার ১০০ হেক্টর জমিতে পানের বরজ, চার হাজার হেক্টরে আম, ৭০০ হেক্টরে লিচু ও প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ হয়েছে। এসব ফসলের প্রায় সবই ঝড়-বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। প্রায় ৮০ শতাংশ গাছের আম-লিচু গাছের ফল ঝড়ে গেছে। সবজির খেত প্লাবিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, কৃষির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা যাচ্ছে না। তবে সব ফসলই ঝড়ে আক্রান্ত হয়েছে। বিশেষ করে আম ও লিচুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামাঞ্চলের কাঁচা ও আধা পাকা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। চৌগাছা উপজেলায় ঘরের ওপরে গাছ পড়ে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। সদর সদর উপজেলায় অপর একজন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ‘ঝড়ে যশোর জেলায় এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর শুনেছি। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। কাচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। যাদের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তাদের টিন ও আর্থিক সহায়তা দেওয়া হবে।’

এদিকে বুধবার সন্ধ্যা থেকে গোটা জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যশোর শহর ও শহরতলি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও অন্যান্য উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। গাছ ওপরে পড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে যশোর শহরের সরবরাহকৃত বিদ্যুতের চারটি সাব স্টেশনের মধ্যে দুইটি ইতিমধ্যে চালু করা হয়েছে। অপর দুইটি চালু হতে বিকেল লেগে যাবে।

ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। যশোর শহরের চারটি সাব স্টেশন থেকে প্রায় এক লাখ মিটারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে সকালে দুইটা চালু করা গেছে। অপর দুইটা চালু হতে বিকেল পর্যন্ত সময় লেগে যাবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের মুঠোফোনে বন্ধ পাওয়া গেছে।