ঘেরের কারণে বাড়িতে পানি, সবজিখেত নষ্ট

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো পানিনিষ্কাশনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়েঙ্গা গ্রামে অনেক বাড়ির উঠানে পানি জমে আছে। গত সোমবারের ছবি
প্রথম আলো

ঘেরের কারণে বৃষ্টির পানি নিষ্কাশিত হচ্ছে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্তত ২০টি পরিবারের বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। ১৫-২০ বিঘা জমির সবজিসহ ফসল নষ্ট হয়ে গেছে। এই চিত্র যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো পানিনিষ্কাশনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন জানিয়েছে।

বড়েঙ্গা পীর বাড়ির উত্তর পাশে আবাদি জমি অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে। সেখানে কৃষিজমিতে অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় পানি নিষ্কাশিত হতো সিদেমখালীর কালভার্ট দিয়ে। সেখান থেকে পানি বের হয়ে বয়রা খাল হয়ে বুড়িভদ্রা নদীতে চলে যেত। দুই বছর আগে প্রথম সিদেমখালীর কালভার্ট বন্ধ করে মাছের ঘের করা হয়। পরে আরও কয়েকটি মাছের ঘের তৈরি হয়। সর্বশেষ গত বছর তরিকুল ইসলাম নামের একজন এলাকায় পানিনিষ্কাশনের পথ বন্ধ করে মাছের ঘের করেন। এ কারণে এ বছর বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বড়েঙ্গা গ্রামের বাসিন্দা গৃহবধূ সেলিনা খাতুন বলেন, ‘উঠানে পানি। প্রতিদিন ঘরে সাপ উঠছে। এখানকার সবাই আতঙ্কের মধ্যে আছি।’

আগের গৃহবধূ খাদিজা বেগম বলেন, তাঁদের বাড়ির উঠানে ১৫ দিন ধরে পানি। রান্নাঘরে পানি ঢুকেছে। রান্না-খাওয়ায় সমস্যা হচ্ছে।

নজরুল ইসলাম নামের এক কৃষক অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে ঘের নির্মাণ করায় পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। তরিকুল ইসলাম, রনি খান, ইসলাম খানসহ ১২-১৫ জন ঘেরমালিকের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ঘেরমালিক তরিকুল ইসলাম দাবি করেন, তাঁর জমির পাশ দিয়ে পানিনিষ্কাশনের পথ রেখে ঘের করেছেন। তাঁর প্রশ্ন, এলাকার সব পানি তাঁর জমির ওপর দিয়ে নিষ্কাশিত হতে দেবেন কেন?

আরেক ঘেরমালিক রনি খান বলেন, তিনি যেখানে ঘের করেছেন, সেখানে পানিনিষ্কাশনের জন্য পাঁচ হাত জায়গা রেখে ঘের করেছেন। তাঁর বাড়িতেও এখন পানি রয়েছে। মূলত এ বছর বেশি বৃষ্টিপাতে পানি নিষ্কাশিত হতে সময় লাগছে।

ভুক্তভোগী পরিবারগুলো পানিনিষ্কাশনের দাবিতে ইউএনওর কাছে ৫ আগস্ট আবেদন জানিয়েছে। এ ব্যাপারে ইউএনও এম এম আরাফাত হোসেন বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। সরেজমিনে পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হবে।