ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার-হাজার দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোড়দৌড় প্রতিযোগিতা। লোহাগড়া, নড়াইল, ১৬ এপ্রিল। প্রথম আলো
ঘোড়দৌড় প্রতিযোগিতা। লোহাগড়া, নড়াইল, ১৬ এপ্রিল। প্রথম আলো

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা, হান্দলা, ব্রাহ্মণডাঙ্গা, চর-ব্রাহ্মণডাঙ্গা এই চার গ্রামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। হাজার-হাজার দর্শক এই ঘোড়দৌড় উপভোগ করেন।

প্রতিযোগিতায় যশোর, মাগুরা, ফরিদপুর ও নড়াইলের বিভিন্ন এলাকা থেকে ২২টি ঘোড়ার মালিক অংশ নেন। তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর বাঘারপাড়া উপজেলার দহখোলা গ্রামের মো. বাপ্পী মোল্লার ঘোড়া প্রথম, লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ইউনুস কারীর ঘোড়া দ্বিতীয় ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধল গ্রামের জাবেদ সরদারের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বিজয়ী ঘোড়ার মালিকদের যথাক্রমে ছয় হাজার, চার হাজার ও দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ঘোড়ার মালিককে এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়েছে।

স্থানীয় বিশিষ্টজন মো. মুরাদুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতা পরিচালনা করেন মো. নাজির মোল্লা ও মো.আমিনুর রহমান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন প্রমুখ।