ঘোড়ার সঙ্গে নিষ্ঠুরতা, মৃতদেহ নিয়ে মালিক থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠি সদর উপজেলায় একটি ঘোড়াকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ করেছেন ঘোড়ার মালিক সিরাজুল ইসলাম। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারে রাখা ঘোড়াটিকে কে বা কারা হত্যা করে ফেলে গেছে।

আজ শনিবার বেলা একটায় সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে পা বাঁধা অবস্থায় মৃত ঘোড়াটিকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যান সিরাজুল। তিনি পুলিশের কাছে অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম তাঁর ঘোড়াটিকে হত্যা করেছেন। ঘোড়াটির শরীরে পেটানো ও পায়ের রগ কাটার চিহ্ন আছে। তাঁর ছয়টি ঘোড়া ও একটি ঘোড়ার গাড়ি আছে। তিনি সরকারি উচ্চবিদ্যালয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারে ঘোড়া রাখেন। তার পাশেই অভিযুক্ত নজরুলের গবাদিপশুর গোয়ালঘর। প্রায়ই গরুর দড়ি না পেয়ে সিরাজুলকে দোষারোপ করতেন নজরুল। সিরাজুলের ধারণা, ওই বিবাদের কারণে তিনি ঘোড়াটিকে নৃশংসভাবে হত্যা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, সিরাজের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।