চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী নুর মোস্তফা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন শেষ হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা।বেলা ১১টায় চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থিত কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ কেন্দ্রে।
ছবি : সৌরভ দাশ

কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রগুলো ছিল ফাঁকা। কোনো কোনো ভোটকেন্দ্রে ভোটারের চেয়ে ২১ জন প্রার্থীর এজেন্ট সংখ্যা বরং বেশি ছিল। সব মিলিয়ে ভোট পড়েছে মাত্র ২১ শতাংশ। আর তার মধ্যে মাত্র ৭৮৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মিষ্টি কুমড়া প্রতীকের নুর মোস্তফা ওরফে টিনু।

নব নির্বাচিত কাউন্সিলরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ৭৭৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ব্যাডমিন্টন প্রতীকের আবদুর রউফ। তাঁর বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৮ জন আওয়ামী লীগ সমর্থিত। একজন বিএনপি সমর্থিত। বাকি দুজন স্বতন্ত্র। মোট ভোটার ৩২ হাজার ৪১ জন। কেন্দ্র ১৫ টি। মোট ভোট পড়েছে ৬ হাজার ৮৫৫ টি। যা মোট ভোটারের ২১ দশমিক ৩৯ শতাংশ।

ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টায় ভোটগ্রহণ হয়। এর পর সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিষ্টি কুমড়া সর্বোচ্চ ভোট পেয়েছে।

উল্লেখ্য, চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার এ বছরের ১৮ মার্চ মৃত্যুবরণ করেন। এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এ ওয়ার্ডের পদটি শূন্য হয়। তাঁর স্ত্রী মেহেরুন্নেছা খানমও উপনির্বাচনে এবার প্রার্থী হয়েছেন।