চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ধারালো অস্ত্র দিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যবসায়ীর নাম লতিফ উল্লাহ (৩৬)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সুফিপাড়া এলাকার মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। লতিফ উল্লাহকে হত্যা করে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকাও লুট করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গতকাল রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার আগে একদল দুর্বৃত্ত তাঁর দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন লতিফকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।