চকরিয়া ও পটিয়ায় পরিবেশ দিবস পালন
‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ এ স্লোগানে কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিতে হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। এতে বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
চকরিয়া: চকরিয়া উপজেলা প্রশাসন ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নেকম-ক্রেল প্রকল্প, টিআইবি, ইপসা, আইএসডিই, উবিনীগ, ওয়েস্কা, এসএআরপিভির যৌথ উদ্যোগে পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষেÿ সাতটি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদের চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেধাকচ্ছপিয়া সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ ইউছুফ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান, আইএসডিআই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজির হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া উপজেলা সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
পটিয়া: উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে বের করা হয় শোভাযাত্রা। এরপর অনুষ্ঠিত হয় আলোচন সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা, তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, সাংবাদিক আবদুর রাজ্জাক, হারুনুর রশীদ সিদ্দিকী , বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, পটিয়ার বনভূমি উজাড় হয়ে গেলেও এ নিয়ে বন বিভাগের কোনো মাথাব্যথা নেই।